জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে বাড়িজুড়ে সাজসজ্জা, চলছিল বিয়ের আনন্দ-উৎসব। রাতভর বৌভাতের আয়োজন। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নেয় শোকে। বিয়ের দিন রাতে স্ট্যান্ড ফ্যানের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাস হোসেন বাপ্পি (২২) নামে এক নববিবাহিত বরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়াড় উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনাস হোসেন (বাপ্পি) ওই গ্রামের ও আল্লারদর্গা বাজারের চশমা ব্যবসায়ী ইউসুফ আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে আনাসের সঙ্গে ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি আলীনগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে সাইরা খাতুনের বিয়ে হয়। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নববধূ সাইরাকে নিয়ে বাড়িতে ফেরেন তিনি। বিয়ে দিন রাতে বাড়িতে গানের ও শুক্রবার বৌভাত উপলক্ষে আয়োজন চলছিল। একপর্যায়ে প্যান্ডেলের পাশে চেয়ার বসে থাকা আনাসকে পাশ থেকে একজন স্ট্যান্ড ফ্যানটি ঘুরিয়ে দিতে বললে ফ্যানটিতে হাত দিলে ফ্যানটি বিদ্যুতায়িত থাকায় সেটির সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয়দের ধারণা, ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। তবে কীভাবে ফ্যানটি বিদ্যুতায়িত হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিয়ের আনন্দের কয়েক ঘণ্টার মধ্যেই এমন মর্মান্তিক ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ ব্যাপারে শুক্রবার থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।











