অনলাইন ডেস্ক:
হাই কোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের নিয়োগ নিশ্চিতের দাবিতে শাহবাগে মহাসমাবেশ করেন। গতকাল রোববার, মহাসমাবেশে উপস্থিত হয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি দ্রুত আপিল নিষ্পত্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “আপনাদের যে দাবি, সে দাবির বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যেন চূড়ান্ত মীমাংসা করে, তার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হোক, যাতে স্বল্পতম সময়ের মধ্যে উচ্চ আদালতে আপিল মীমাংসা হয়।”
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ৬ ফেব্রুয়ারি হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে। আদালত ওই রায়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নির্বাচিত ৬ হাজার ৫৩১ জন প্রার্থীর নিয়োগ বাতিল করে, এবং মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশ দেয়।
জোনায়েদ সাকি আরও বলেন, “এই নিয়োগে যদি কোনো ত্রুটি-বিচ্যুতি থাকে, তার দায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ওপর বর্তাবে না। ভুলত্রুটি যদি হয়ে থাকে, তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।” তিনি প্রার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান।
মহাসমাবেশ শেষে দুপুর তিনটার দিকে প্রার্থীরা মিছিল নিয়ে টিএসসির দিকে চলে যান।









