নতুন চুক্তিতে যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্যে স্বস্তির হাওয়া

অনলাইন ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার বুসানে শীর্ষ বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, চীনের সঙ্গে এক বছরের জন্য একটি নতুন বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়নযোগ্য হবে বলে জানিয়েছেন তিনি।

বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমাদের চুক্তি হয়ে গেছে।” তিনি জানান, চীনের ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হচ্ছে—যা দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনা প্রশমনে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত চীন-মার্কিন অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে।

চুক্তির অংশ হিসেবে বিরল খনিজসম্পদ (rare earth minerals) সংক্রান্ত জটিল ইস্যুটিও সমাধান হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। রয়টার্স জানায়, এই চুক্তিকে দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্প আরও জানান, তিনি আগামী এপ্রিল মাসে চীন সফরে যাবেন এবং এর পরবর্তী কোনো সময়ে প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন। বৈঠক শেষে ট্রাম্প মন্তব্য করেন, “বৈঠকটি ছিল অসাধারণ। আমরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।”

বৈঠকের আগে দুই নেতার মধ্যে হয় সৌজন্যমূলক আলাপ, যা কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের সঙ্গে হাত মেলানোর সময় শি বলেন, “আপনাকে আবার দেখে খুবই ভালো লাগছে।” তিনি আরও যোগ করেন, “আপনার পুনর্নির্বাচনের পর আমরা ফোনে তিনবার কথা বলেছি, বেশ কিছু চিঠি বিনিময় করেছি এবং সবসময় ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছি।”

চীনা প্রেসিডেন্ট বলেন, “আমাদের দুই দেশের জাতীয় বাস্তবতা ভিন্ন। তাই সব বিষয়ে একই মত থাকা সম্ভব নয়। বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে মাঝে মাঝে বৈরিতা হওয়াটাও স্বাভাবিক।”