নতুন সিনেমা নিয়ে ফিরলেন মাহিয়া মাহি

অনলাইন ডেস্ক:

দীর্ঘদিন পর আবারও আলোচনায় এলেন ঢালিউড তারকা মাহিয়া মাহি। বিচ্ছেদের পর কিছুটা আড়ালে থাকা এ অভিনেত্রী হঠাৎ করেই নিজের ফেসবুক প্রোফাইলে সাবেক স্বামী রাকিব সরকার এবং তাদের সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করে ভক্তদের চমকে দিয়েছেন। ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, “মাশাআল্লাহ”—সঙ্গে ছিল ভালোবাসার ইমোজি।

ব্যক্তিগত জীবনে নতুন করে কোনো সম্পর্ক গড়ে উঠেছে কিনা, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। তবে মাহি এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। এরই মাঝে ভক্তদের জন্য সুখবর দিলেন এই অভিনেত্রী। পরিচালক সৈকত নাসিরের পরিচালনায় ‘অন্তর্যামী’ নামে একটি নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

মাহি জানিয়েছেন, ‘অন্তর্যামী’ হবে সম্পূর্ণ একটি লেডি অ্যাকশন সিনেমা। এতে কোনো চিরাচরিত নায়ক নেই, বরং পুরো সিনেমার অ্যাকশন ও গল্পের ভার নিজের কাঁধেই তুলে নিয়েছেন তিনি। মাহির ভাষায়, এটি হবে তার আগের সুপারহিট সিনেমা ‘অগ্নি-২’-এর পরের গল্প, তবে ‘অগ্নি’র ধারাবাহিকতা নয়। বরং এটি একটি ‘সারভাইভাল স্টোরি’—জীবন সংগ্রামে টিকে থাকার গল্প।

ছবিটির শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড ও আমেরিকায়। নির্মাণ করছে জাজ মাল্টিমিডিয়া, কোরিওগ্রাফিতে থাকছেন বাবা যাদব এবং ফাইট ডিরেকশনে জাইকা স্ট্যান্ট। মাহির সঙ্গে অভিনয় করছেন ৯ বছর বয়সী শিশুশিল্পী মাবশু, যিনি ‘অন্তর্যামী’ চরিত্রে অভিনয় করবেন।

প্রসঙ্গত, মাহিয়া মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তবে বছর দেড়েক আগে এক ভিডিওবার্তায় তাদের বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। তাদের সংসারে রয়েছে এক পুত্রসন্তান।