অনলাইন ডেস্ক:
নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক আসাদ মিয়া (৫০) নিহত হয়েছেন এবং আরও তিন যাত্রী আহত হয়েছেন। নিহতের স্বজন ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রোববার সকালে বন্দর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদ মিয়া যাত্রী নিয়ে মদনপুর যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তার অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক ঘটনাস্থলেই মারা যান এবং তিন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। নিহত আসাদ মিয়া পুরান বন্দর এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
দুর্ঘটনার পর নিহতের স্বজন এবং এলাকার মানুষ গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন, ফলে সড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, তবে পরে পুলিশ এসে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, “ট্রাকচালক পালিয়ে গেছে এবং আসামিদের শনাক্ত করার কাজ চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”











