অনলাইন ডেস্ক:
দীর্ঘদিন অসুস্থতার পর না ফেরার দেশে পাড়ি জমালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে রাজধানীর রামপুরায় নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬০ বছর।
অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সংগঠনটির ফেসবুক পেজে এক শোকবার্তায় বলা হয়, “অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য ও আমাদের প্রিয় সহকর্মী তারিকুজ্জামান তপন আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
পরিবার সূত্রে জানা যায়, গত ডিসেম্বর তার খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে নিয়মিত চিকিৎসা চলছিল। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে শুক্রবার সকালে বাসায় নেওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
চিকিৎসাকালে তাকে একাধিক কেমোথেরাপিও দেওয়া হয়েছিল। তবে শারীরিক অবস্থার উন্নতি হয়নি। পরিবার জানিয়েছে, অসুস্থতার কারণে তিনি স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করতে পারছিলেন না এবং তীব্র শারীরিক কষ্টে দিন কাটাচ্ছিলেন। চিকিৎসার ব্যয় বহন করাও পরিবারের জন্য কঠিন হয়ে উঠেছিল, একপর্যায়ে তারা সহায়তাও কামনা করেন।
অভিনয় জীবনে ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তপন। কমেডি চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের কাছে আলাদা জনপ্রিয়তা এনে দেয়। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। এছাড়া বিটিভির বিভিন্ন নাটকেও তার উপস্থিতি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।
শুক্রবার রাত ১১টায় আফতাবনগরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ টাঙ্গাইলের ধনবাড়ীতে নেওয়া হয়। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
দীর্ঘ অভিনয় জীবনে হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করা এই অভিনেতার প্রয়াণে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।











