অনলাইন ডেস্ক:
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। গত বৃহস্পতিবার এক সম্মেলনে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সে প্রকাশিত খবর অনুযায়ী, নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার মহাপরিচালক অ্যান্ড্রু হ্যাম্পটন বলেছেন, চীন প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক ও আন্তঃসীমান্ত অপরাধের সুযোগ নিয়ে তাদের সঙ্গে কৌশলগত চুক্তি সই করেছে, যা নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে এক সুতায় গাঁথা করে ফেলেছে।
তিনি আরও বলেন, চীনের কার্যক্রম ক্রমেই নিউজিল্যান্ডের গোয়েন্দাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। হ্যাম্পটন সংবাদ সম্মেলনে জানান, প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে অর্থনৈতিক উন্নয়ন এবং চুক্তি স্বাক্ষরের মাধ্যমে চীন এই অঞ্চলে তার প্রভাব বাড়াচ্ছে। গত মাসে, কুক আইল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক ব্রাউন বেইজিংয়ের সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করেছেন, যার মধ্যে শিক্ষা, অবকাঠামো, মৎস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও সমুদ্রতল খনন বিষয়ক চুক্তি রয়েছে।
কুক আইল্যান্ডসের সঙ্গে নিউজিল্যান্ডের সাংবিধানিক সম্পর্ক থাকায় এই চুক্তিগুলো নিউজিল্যান্ডের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। হ্যাম্পটন জানান, তিনি কুক আইল্যান্ডসে গিয়ে প্রধানমন্ত্রী ব্রাউনকে বিদেশি হস্তক্ষেপ ও গুপ্তচরবৃত্তির ঝুঁকি নিয়ে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছিলেন। তিনি আরও বলেন, কুক আইল্যান্ডস ও চীনের সম্পর্কের ওপর এখন থেকে সতর্ক নজরদারি রাখা হবে।
এছাড়া, হ্যাম্পটন ফাইভ আইস জোটের প্রতি নিউজিল্যান্ডের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের এই গোয়েন্দা সহযোগিতা দেশের নিরাপত্তা ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বলে জানান তিনি।











