নিজস্ব প্রতিবেদক :
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে নিজ অর্থায়নে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। ধর্মীয় অনুশাসনে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৭ সদস্যের দলটি সৌদি আরবের উদ্দেশে রওনা হয়। ওমরাহ পালন শেষে তাদের ৪ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। তবে লুৎফুজ্জামান বাবর নিজে এই দলের সঙ্গে সৌদি আরব যাননি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী। তিনি জানান, লুৎফুজ্জামান বাবর চান তার নির্বাচনী এলাকার নেতাকর্মীরা ধর্মীয় অনুশাসন মেনে চলুন। সেই উদ্দেশ্যেই নিজস্ব অর্থায়নে তাদের ওমরাহ পালনের সুযোগ করে দেওয়া হয়েছে।
মির্জা মো. হায়দার আলী নিজেও দলের সঙ্গে সৌদি আরব গেছেন। তিনি জানান, ওমরাহ পালনে যাওয়া দলের মধ্যে মোহনগঞ্জের ১৮ জন, মদনের ১৭ জন এবং খালিয়াজুরীর ১১ জন নেতাকর্মী রয়েছেন। এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেনও এই দলে রয়েছেন।
মোহনগঞ্জের দলে উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার এবং উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব রয়েছেন।
মদন থেকে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও ছাত্রদলের সভাপতি শামীম হাসানসহ ১৭ জন।
খালিয়াজুরী থেকে এই দলে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছুটন, সদস্যসচিব রাজিব হোসেন পলাশ, ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন এবং সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত হৃদয়সহ ১১ জন।
মোহনগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল বলেন, “আমাদের এমপি নিজে ধর্মীয় অনুশাসন মেনে চলেন। তিনি চান আমরাও ধর্মীয় অনুশাসন মেনে চলি। সেই উদ্দেশ্যেই তিনি আমাদের ওমরাহ পালনের জন্য পাঠাচ্ছেন। আল্লাহ যেন তার নিয়ত কবুল করেন এবং আমাদের ওমরাহ কবুল করেন। আমরা তার প্রতি অশেষ কৃতজ্ঞ।”
খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন, এতজন নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ায় তারা কৃতজ্ঞ। এটি তাদের জন্য বিশেষ একটি সুযোগ বলেও উল্লেখ করেন তিনি।
মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন বলেন, লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে তারা ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন। এ জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
লুৎফুজ্জামান বাবর বলেন, এলাকার নেতাকর্মীদের ধর্মীয় অনুশাসনে উদ্বুদ্ধ করতেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। পর্যায়ক্রমে আরও যারা আছেন, তাদেরও ওমরাহ পালনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, “এতে মানুষজন চিন্তা-চেতনা ও ধর্মীয় মূল্যবোধের প্রতি আকৃষ্ট হবেন। আমি আখিরাতের কথা চিন্তা করেই এ কাজটা করেছি। ভবিষ্যতে আরও পাঠাব ইনশাআল্লাহ।”











