ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত: 23 November 2026, 4:06 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ফ্যাসিবাদ ও জুলাইয়ের চেতনাকে ধারণ করে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, চলমান পরিস্থিতিতে আওয়ামী লীগ যেসব সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, তা থেকে দেশকে কীভাবে উত্তরণ করা সম্ভব—বৈঠকে প্রধানত তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক ঐক্য সুদৃঢ় করার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী নিজ জায়গা থেকে তার উদ্বেগের বিষয়গুলো অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন। বিশেষ করে ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে দেশের সকল রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে এক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমাদের পক্ষ থেকে আমরা পরিষ্কার ভাষায় বলেছি যে বর্তমান এই জটিল পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর থেকে গত ৭/৮ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি, বিচার প্রক্রিয়া নিয়ে আপসকামী মনোভাব, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ না করা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার কারণে আজ এই সংকটের সৃষ্টি হয়েছে।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আরও যোগ করেন, যেকোনো ধরনের জাতীয় ঐক্য কিংবা জুলাই ঐক্যের ক্ষেত্রে অবশ্যই আমাদের সংস্কার, ন্যায়বিচার এবং দেশের সার্বভৌমত্বকে সবার ওপরে স্থান দিতে হবে। এই ঐক্যের গোটা প্রক্রিয়াটিতে সংস্কার যেন একটি প্রধান এজেন্ডা হিসেবে বিবেচিত হয়, বৈঠকে আমরা সেই সুনির্দিষ্ট আহ্বানই জানিয়েছি।

মন্তব্য করুন