নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না—এমন কঠোর বার্তা দিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, “সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, নির্বাচন কমিশন দলের নিবন্ধন স্থগিত করেছে। এই স্থগিতাদেশ প্রত্যাহার না হলে নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।”
সোমবার (১৯ মে) সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ‘ভোটার তালিকা হালনাগাদ–২০২৫, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি।”
তিনি আরও জানান, “প্রধান উপদেষ্টা যে সময় নির্ধারণ করে দিয়েছেন, নির্বাচন কমিশন সে সময়ের মধ্যেই নির্বাচন বাস্তবায়নে প্রস্তুত।”
কর্মশালায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এ সময় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রায় ৭০ জন নির্বাচন কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারী উপস্থিত ছিলেন।











