নির্বাচন স্বচ্ছ করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আশ্বস্ত করেন, নির্বাচন কমিশন কারও পক্ষে বা বিপক্ষে কাজ করবে না, বরং ১৮ কোটি জনগণের প্রতিনিধিত্ব করবে।

শনিবার সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, “যখন একটি দেশে রাষ্ট্র, সরকার ও দল এক হয়ে যায়, তখন সবকিছু একসঙ্গে ধসে পড়ে। নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। এখন মানুষকে কেন্দ্রে নিয়ে আসা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।”

তিনি আরও জানান, “সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহযোগিতা প্রয়োজন। নির্বাচন কমিশনের দায়িত্ব হবে সবার জন্য সমান সুযোগ তৈরি করা এবং নির্বাচনী পরিবেশকে আয়নার মতো স্বচ্ছ রাখা।”

নির্বাচনের আগে একাধিক দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে জানিয়ে সিইসি বলেন, একমাস মেয়াদি পরিকল্পনায় শুধু রাজনৈতিক দল নয়, বরং সব স্টেকহোল্ডারকে অন্তর্ভুক্ত করা হবে।

সামাজিক মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির বিষয়ে উদ্বেগ জানিয়ে সিইসি বলেন, “এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা মোকাবেলায় কমিশন কাজ করছে।”

তিনি আরও জানান, “গত নির্বাচনে যেসব প্রিসাইডিং অফিসার সমস্যা তৈরি করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ হলেও, সময় ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সিইসি নাসির উদ্দিন।