অনলাইন ডেস্ক:
আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়াতে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা ব্যবহারের যে বিকল্প ব্যবস্থা চালুর কথা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, তাতে সরাসরি পানি ঢেলে দিয়েছে ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক অব ইসরাইল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে কোনোভাবেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব নয়, যা দেশটির রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
এর আগে এক সাক্ষাৎকারে শঙ্কা প্রকাশ করে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ভবিষ্যতে ইসরাইলের ওপর বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসতে পারে। এমনকি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে সরে গেলে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সহায়তাও বন্ধ হয়ে যেতে পারে—এমন কঠিন পরিস্থিতি সামাল দিতেই তিনি ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের পরিকল্পনা তৈরির কথা জানান।
প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পর ব্যাংক অব ইসরাইল এক জরুরি বার্তা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বিকল্প মুদ্রার পেছনে সময় নষ্ট না করে বিশ্ববাজার ও বন্ধু দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করা এবং নিষেধাজ্ঞা আটকানোর দিকেই সরকারের মূল নজর দেওয়া উচিত।
এদিকে কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি নেতানিয়াহুর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন দেশের বিরোধী দলীয় নেতারাও। বিরোধী নেতা ইয়ার লাপিদ এবং ইয়োভ হোরোউইৎস সতর্ক করে বলেছেন, নিষেধাজ্ঞা ঠেকানোর চেষ্টা না করে বিকল্প ব্যবস্থার বাহানা তৈরি করা একটি সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন কাজ। এর ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ইসরাইল থেকে নিজেদের টাকা তুলে নিতে পারেন, যা দেশটির অর্থনীতিকে এক চরম সংকটের মুখে ঠেলে দেবে।











