নেতানিয়াহুর ঘুরে দাঁড়ানোর নেপথ্যে ট্রাম্পের সমর্থন?

অনলাইন ডেস্ক:

ইসরায়েলের মঙ্গলবারের নেসেট বা পার্লামেন্ট নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান নাটকীয়ভাবে শক্তিশালী হওয়ার পেছনে নিজের সমর্থনকেই মূল কৃতিত্ব হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, নেতানিয়াহুর প্রতি তার সমর্থন ঘোষণার পর থেকেই রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। এর ফলে বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে যাওয়া এই ইসরায়েলি প্রধানমন্ত্রী এখন বড় ব্যবধানে ঘুরে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে হাড্ডাহাড্ডি অবস্থানে পৌঁছে গেছেন, এমনকি তার জয়ের উজ্জ্বল সম্ভাবনাও তৈরি হয়েছে। আর এই সব কিছু ঘটেছে কেবল প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনের পরেই, যিনি সবসময় মধ্যপ্রাচ্য, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কল্যাণ চান!

ডোনাল্ড ট্রাম্পের এই পোস্টটি সম্পূর্ণ উদ্ধৃতি আকারে প্রকাশ করা হয়েছে। তবে তিনি মূলত টেলিভিশন সংবাদে প্রচারিত কোনো বিশ্লেষকের বক্তব্য উদ্ধৃত করেছেন নাকি নিজের সম্পর্কে নিজেই তৃতীয় পুরুষ বা থার্ড পারসন হিসেবে মন্তব্য করেছেন, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।

এদিকে অন্য একটি ঘটনায়, টেক্সাসে একটি জনসভায় অংশ নেওয়ার পর সংবাদকর্মীদের মুখোমুখি হয়েও ইসরায়েলি নির্বাচন নিয়ে খোলামেলা কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি সাংবাদিকদের জানান, বুথফেরত জরিপ থেকে তিনি যা জানতে পেরেছেন, তাতে বেনিয়ামিন নেতানিয়াহু অত্যন্ত ভালো করছেন। তার মতে, নিজের সমর্থন ঘোষণার বিষয়টি নেতানিয়াহুকে এই নির্বাচনে অনেক বেশি সহায়তা করেছে।

ভোটের প্রাথমিক ফলাফল আসার পর বিজয়ী নেতানিয়াহুর সঙ্গে তার কোনো ফোনালাপ হয়েছে কি না—সাংবাদিকদের এমন সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার জানিয়ে দেন যে, নির্বাচন শেষে তাদের মধ্যে এখনও পর্যন্ত কোনো কথা হয়নি।