নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সচিবালয় বর্তমান জায়গা থেকে সরিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে স্থানান্তর করার ঘোষণাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শিক্ষার্থীরা, যার জেরে তারা ওই এলাকায় এশিয়া আন্তর্জাতিক মেলার জন্য নির্মিত একটি গেট ও বেশ কয়েকটি স্টল ভাঙচুর করেছেন।
বুধবার (২৮ অক্টোবর) সকালের দিকে শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার পুরোনো বাণিজ্য মেলার মাঠে গিয়ে মেলার বিভিন্ন স্থাপনা ও নির্মাণসামগ্রী ভাঙচুর করতে শুরু করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এর আগে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের পতাকাস্ট্যান্ডের সামনে জড়ো হয়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে গিয়ে অবস্থান নেন এবং মাঠটি উদ্ধারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন, যার একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মেলার গেট ও স্টল ভাঙচুর করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানান যে, মেলা দ্রুত সরিয়ে নেওয়ার জন্য মঙ্গলবার তাদের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছিল এবং এর জন্য একটি সময়ও বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু এর মধ্যে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো ধরনের অগ্রগতি তারা দেখতে পাননি, তাই নিজেদের খেলার মাঠ ফেরত না পাওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।
শিক্ষার্থীদের এই আন্দোলনের মুখে মেলার মহাজন মো. জাহাঙ্গীর ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখনই গেট সরিয়ে নেওয়ার জন্য বলে দিচ্ছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ নই। আমরা এটি সরিয়ে ফেলবো।’
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থাপনের জন্য সেখানে চলমান মাটির গুণাগুণ পরীক্ষার কাজ চলছিল, আর সেই ঘটনার জেরে দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঘটনাস্থলে এসে মাটি পরীক্ষাকাজের বিভিন্ন যন্ত্রাংশ এবং দুটি গাড়ি জোরপূর্বক ধরে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান।











