অনলাইন ডেস্ক:
চীনের অ্যানিমেটেড সিনেমা ‘নে ঝা ২’ বিশ্বব্যাপী বক্স অফিসে নতুন রেকর্ড তৈরি করেছে এবং এখন এটি ২ বিলিয়ন ডলার আয় করে প্রথম অ্যানিমেটেড চলচ্চিত্র হিসেবে এই বিশাল মাইলফলক স্পর্শ করেছে। শুধু তাই নয়, এটি প্রথম অ-ইংরেজি ভাষার সিনেমা হিসেবে ১ এবং ২ বিলিয়ন ডলার আয় করার অনন্য রেকর্ডও গড়েছে। ‘নে ঝা ২’ এখন চীনের চলচ্চিত্র শিল্পের গর্ব হয়ে উঠেছে এবং এশিয়ার সিনেমা শিল্পের নতুন একটি অধ্যায় শুরু করেছে।
২৯ জানুয়ারি চীনে মুক্তির পর মাত্র ৩৩ দিনে ‘নে ঝা ২’ সিনেমাটি দেশটির বাজার থেকে ১.৯৬ বিলিয়ন ডলার আয় করে নেয়। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক বাজারে মুক্তি পাওয়ার পর সিনেমাটি বিস্ময়করভাবে দর্শকদের আকৃষ্ট করে। এমনকি ‘ক্যাপ্টেন আমেরিকা ৪’ এর মতো বিগ বাজেটের সিনেমা প্রদর্শিত হওয়ার পরেও ‘নে ঝা ২’ দর্শক মন জয় করতে সক্ষম হয়।
নর্থ আমেরিকায় ‘নে ঝা ২’ সিনেমাটি ১৬.১৮ মিলিয়ন ডলার আয় করেছে। যদিও গত সপ্তাহের তুলনায় প্রদর্শনের সংখ্যা কিছুটা কমেছে, তবে রবিবার একদিনে ১৯.৫ মিলিয়ন ডলারের আয় করে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এই অর্জনটি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির ২.০৫ বিলিয়ন ডলার আয়কেও টপকে যাওয়ার পথে।
এখন পর্যন্ত ‘নে ঝা ২’ সিনেমাটি ‘অ্যাভাটার’ সিনেমার সর্বকালীন আয় ২.৯২ বিলিয়ন ডলারকে টপকাতে পারবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ধারণা করা হচ্ছে, সিনেমাটির দর্শকরা আগামী ডিসেম্বরে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পাওয়ার আগ পর্যন্ত আকাশ ছোঁয়া সাফল্য বজায় রাখবে।
এছাড়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সিনেমাটির ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ‘নে ঝা ২’ এর মূল কাহিনী চাইনিজ পুরাণ রুপকথার উপর ভিত্তি করে নির্মিত, যা ১৬ শতকের চীনা উপন্যাস ‘দ্য ইনভেস্টিচার অফ দ্য গডস’ থেকে অনুপ্রাণিত। সিনেমার প্রধান চরিত্র নে ঝা ও আও বিং। এই দুটি চরিত্রের মাধ্যমে সাধারণ এক বালকের জাদুকরী শক্তির অধিকারী হয়ে দানবদের বিরুদ্ধে লড়াইয়ের কাহিনী তুলে ধরা হয়েছে।
২০১৯ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘নে ঝা’ বক্স অফিসে বিশাল সাফল্য পেয়েছিল এবং ৭২৫ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে চীনের সর্বকালের পঞ্চম সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছিল। এখন ‘নে ঝা ২’ বিশ্ব সিনেমা দুনিয়ায় একটি নতুন মাইলফলক সৃষ্টি করে চলেছে, এবং এটি আরো অনেক সাফল্য অর্জনের পথে।










