অনলাইন ডেস্ক:
পটুয়াখালী পুলিশ লাইনসের নারী ব্যারাক থেকে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৭টার দিকে ২২ বছর বয়সী তৃষা বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়। তৃষা মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে।
পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমাদ মাইনুল হাসান জানান, তৃষা ২০২৩ সালের ৯ নভেম্বর পুলিশ কনস্টেবল হিসেবে কর্মজীবন শুরু করেন। তার মৃত্যু ঘটনার তদন্ত চলছে এবং ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, তৃষা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার একটি প্রেসক্রিপশন পাওয়া গেছে, যেখানে উল্লেখ রয়েছে যে, তৃষা গত বছরের ২৩ অক্টোবর ঢাকায় একজন মানসিক চিকিৎসককে দেখেছিলেন। চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি তা গ্রহণ করেননি।
তৃষার সহকর্মীরা জানান, কিছুদিন আগে তৃষা আবারও চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন এবং তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা করেননি।
তৃষার পরিবারের সদস্যরা পটুয়াখালী আসার প্রস্তুতি নিচ্ছেন। তৃষার দাদু কালী দাস সোম জানান, “সকালে ভিডিও কল করে তৃষা তার মায়ের সঙ্গে কথা বলছিল। এরপরই পটুয়াখালী থেকে খবর আসে যে, তৃষা আত্মহত্যা করেছে।”
তিনি আরও জানান, তৃষা কিছুদিন ধরে জ্বরে ভুগছিল, তবে এর আগে তার কোনো শারীরিক অসুস্থতা ছিল না। পরিবার আইনি প্রক্রিয়া শেষে মরদেহ গ্রহণ করবে।







