নিজস্ব প্রতিবেদক:
দেশের সব অর্থনৈতিক অঞ্চলের (ইকোনমিক জোন) সঙ্গে রেলপথ সংযোগ স্থাপনের পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে পণ্য পরিবহন আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একটি বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন বলেন, মিরসরাই ইকোনমিক জোনকে আলাদাভাবে না দেখে, সারাদেশের অর্থনৈতিক অঞ্চলের জন্য একটি সমন্বিত ট্রান্সপোর্ট প্ল্যান নেওয়া হচ্ছে।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো— প্রতিটি ইকোনমিক জোন থেকে যেন সরাসরি রেল সংযোগ থাকে, যাতে পণ্যবাহী ট্রেন চলাচল করতে পারে। বর্তমানে ট্রাকে করে পণ্য ট্রেন পর্যন্ত নিয়ে যেতে হয়। আমরা এমন ব্যবস্থা করতে চাই, যাতে সরাসরি কনটেইনার ট্রেনে তোলা যায়।”
শেখ মঈনুদ্দিন আরও জানান, মিরসরাইসহ অন্যান্য অঞ্চলে ট্রেন, সড়ক এবং বন্দর—তিন মাধ্যমেই যোগাযোগ নিশ্চিত করতে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। এর মাধ্যমে জাতীয় পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।
এই উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের শিল্পায়ন, রপ্তানি ও পণ্য পরিবহন ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।











