পাকিস্তানের পাঞ্জাবে ভারি বৃষ্টিতে দেয়াল ধস ও বজ্রপাতে নিহত ১৩, আহত ৯২

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শনিবার ভারি বৃষ্টিপাতের ফলে বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত ও ৯২ জন আহত হয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) সূত্রে এই তথ্য জানিয়েছে ডন ডটকম।

পিডিএমএ জানিয়েছে, লাহোরে দেয়াল ধস ও বজ্রপাতে ৩ জন মারা যান এবং ৬ জন আহত হন। ঝিলমে দেয়াল ধস ও উড়ে আসা সোলার প্যানেলের আঘাতে ২ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৬ জন নারী।

রাওয়ালপিন্ডিতে বজ্রপাতের মধ্যে দেয়াল ধসে একজনের মৃত্যু হয় এবং একটি শিশুসহ ১১ জন আহত হন। শেখুপুরায় ঝড়ের সময় একটি কারখানার ছাদ ধসে একজন শ্রমিক নিহত হন ও পাঁচজন আহত হন। ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করে শেখুপুরা জেলা হাসপাতালে পাঠানো হয়।

বাকি মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে নানকানা সাহিব, শিয়ালকোট, মিনওয়ালি, লায়্যা ও ঝাং জেলায়। পিডিএমএ জানিয়েছে, অনেক মানুষ অনিরাপদ ও দুর্বল স্থাপনায় আশ্রয় নেওয়ার কারণে এসব দুর্ঘটনা ঘটেছে। ঝড়বৃষ্টিতে বেশ কিছু মাটির ঘরবাড়িও ধসে পড়ে।