পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, বৈদ্যুতিক তার পুড়ে ভস্মীভূত
নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবের বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভোররাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা ব্যাংকটিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার বিবরণ দিয়ে ব্যাংকের নৈশপ্রহরী যোগেন বাবু জানান, ভোররাতে চার-পাঁচজনের একটি অজ্ঞাত দল বাইরে থেকে ব্যাংক শাখায় আগুন দেয় এবং পরে পালিয়ে যায়। এ সময় তাদের সবার মুখ বাঁধা ছিল। তিনি সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তার চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ছুটে আসেন এবং সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, নৈশপ্রহরীর শোরগোল শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন এবং সাহসিকতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে এই আকস্মিক অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস স্টেশন থেকে জানানো হয় যে, তাদের কোনো গাড়ি সেখানে যায়নি।
ঘটনার খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ভোরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনাটি নাশকতার অংশ কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি এখনো পুরোপুরি স্পষ্ট নয়, তবে এই অগ্নিকাণ্ডের ফলে ব্যাংকের কিছু বৈদ্যুতিক তার পুড়ে গেছে।
