ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ট্রাম্প, এপস্টেইন ও রাশিয়ার সঙ্গে লেনদেনের চাঞ্চল্যকর তথ্য ফাঁস: বিপাকে ডয়চে ব্যাংক

প্রকাশিত: 18 November 2026, 10:47 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

জার্মানির ডয়চে ব্যাংকের ১ কোটি ৫০ লাখের বেশি অভ্যন্তরীণ নথি ফাঁস হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইন এবং ক্ষমতাধর আরও কয়েকজন ব্যক্তির সঙ্গে ব্যাংকটির বিতর্কিত লেনদেনের বিষয়টি নতুন করে সামনে এসেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর সমন্বয়ে প্রকাশিত ‘ইনসাইড ডয়চে ব্যাংক’ শীর্ষক এক অনুসন্ধানী প্রতিবেদনে জার্মানির বৃহত্তম এই ব্যাংকটির আর্থিক অনিয়মের চিত্র ফুটে উঠেছে, যা প্রতিষ্ঠানটির সুনাম পুনরুদ্ধারের প্রচেষ্টাকে বড় ধরনের ধাক্কা দিয়েছে।

মঙ্গলবার প্রকাশিত এই অনুসন্ধানী প্রতিবেদনে ব্যাংকটির অভ্যন্তরীণ লেনদেনের নানা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অর্থপাচার প্রতিরোধে ব্যর্থতার দায়ে অভিযুক্ত ব্যাংকটি দীর্ঘদিন ধরে নিজেদের ভাবমূর্তি পরিবর্তনের চেষ্টা চালিয়ে আসছিল, তবে নতুন এই তথ্য ফাঁস তাদের আবারও গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে।

ফাঁস হওয়া নথিপত্রের মধ্যে রয়েছে লাখ লাখ ইমেইল, বৈঠকের কার্যবিবরণী এবং অভ্যন্তরীণ প্রতিবেদন। দুই তথ্য ফাঁসকারীর মাধ্যমে এসব নথি প্রকাশ্যে এসেছে, যাদের নিরাপত্তার স্বার্থে পরিচয় গোপন রাখা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্যাংকটি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে তাদের বিশ্বাস, আর সেই দায়বদ্ধতা থেকেই জনস্বার্থে তারা এসব নথি প্রকাশ করেছেন।

ভারতীয় সাংবাদিক জোসি জোসেফ ও দক্ষিণ আফ্রিকার সাংবাদিক খাদিজা শারিফ এসব নথি সংগ্রহ করেন। পরবর্তীতে তারা প্রায় ৫০টি সংবাদমাধ্যমের ২৩০ জনের বেশি সাংবাদিকের সঙ্গে নথিগুলো ভাগ করে নেন। ডের স্পিগেল, ফিন্যান্সিয়াল টাইমস ও নিউইয়র্ক টাইমসসহ বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো এই আন্তর্জাতিক অনুসন্ধানী উদ্যোগে অংশ নেয়।

ফাঁস হওয়া নথির মধ্যে ২০১০-এর দশকের শুরুর দিকের প্রায় ৯০ লাখ ইমেইল, বৈঠকের কার্যবিবরণী, যথাযথ যাচাইসংক্রান্ত প্রতিবেদন এবং আর্থিক অপরাধবিষয়ক নথিপত্র রয়েছে। এর অনেকগুলোই ব্যাংকটির নিজস্ব অভ্যন্তরীণ তদন্তের অংশ ছিল।

তথ্য ফাঁসকারীরা এসব নথিপত্র যুক্তরাষ্ট্রের সরকারি কৌঁসুলি ও আর্থিক অপরাধবিষয়ক কর্তৃপক্ষের কাছেও জমা দিয়েছেন। ওয়াশিংটন যদি এসব নথির ভিত্তিতে ব্যাংকটির বিরুদ্ধে মামলা করে, তবে তথ্য ফাঁসকারীরা পুরস্কার পাওয়ার যোগ্য হতে পারেন। লে মঁদ জানিয়েছে, সাংবাদিকদের কাছ থেকে ওই তথ্য ফাঁসকারীরা কোনো অর্থ নেননি এবং নথিগুলো ব্যবহারের ক্ষেত্রে কোনো শর্তও জুড়ে দেননি।

ডয়চে ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, অনুসন্ধানে উত্থাপিত উদ্বেগের বিষয়গুলো বহু বছর আগের। ব্যাংকটি দাবি করেছে, এরপর থেকে তারা তাদের নিয়ন্ত্রণব্যবস্থা আরও জোরদার করেছে এবং এই ঘটনায় বড় ধরনের কোনো আর্থিক প্রভাব পড়বে না বলে তারা মনে করছে। ব্যাংকটির চেয়ারম্যান প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান জেভিংয়ের প্রতি পরিচালনা পর্ষদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

ব্যাংকটি তাদের বিবৃতিতে আরও বলেছে, বর্তমানে ডয়চে ব্যাংক আগের চেয়ে ভিন্ন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

ফাঁস হওয়া নথিতে ট্রাম্পের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ৩০ লাখ ডলারের বেশি লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রাশিয়া ও আজারবাইজানের সন্দেহভাজন অর্থপাচার নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনের তথ্যও রয়েছে।

১৯৯০-এর দশকের শুরুর দিকে ট্রাম্পের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো একের পর এক দেউলিয়া হওয়া ও ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পরও ডয়চে ব্যাংক তাকে বছরের পর বছর ঋণ দিয়েছে। ২০২১ সালের জানুয়ারি নাগাদ ব্যাংকটি তার সবচেয়ে বড় ঋণদাতা হয়ে ওঠে এবং ট্রাম্পের প্রতিষ্ঠানের কাছে ব্যাংকটির প্রায় ৩৪ কোটি ডলার ঋণ বকেয়া ছিল।

নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারিতে ব্যাংকটি ট্রাম্পের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে। এর আগে ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলা চালায় এমন বিক্ষোভকারীরা, যারা প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি ঠেকাতে চেয়েছিল। ট্রাম্প নির্বাচনে কারচুপির দাবি করলেও তার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে ডয়চে ব্যাংক ভুলবশত তার করসংক্রান্ত একটি নথি অন্য এক গ্রাহকের হিসাবরক্ষকের কাছে পাঠিয়ে দিয়েছিল। ব্যাংকটি কখনোই তাকে এ ভুলের কথা জানায়নি।

মঙ্গলবার আসিয়ান সম্মেলনে যোগ দিতে ম্যানিলায় অবস্থানকালে এ তথ্য প্রকাশের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ব্যাংকটির ওই তথ্য প্রকাশ করা উচিত হয়নি। তিনি বলেন, তাদের এটা করা উচিত হয়নি। এ ধরনের তথ্য প্রকাশ করা বেআইনি।

ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছে ডয়চে ব্যাংক।

ফাঁস হওয়া নথিতে আরও দেখা গেছে, ট্রাম্পের ব্যাংক হিসাবগুলো বিশেষ নজরদারির আওতায় রেখেছিল ডয়চে ব্যাংক। এসব হিসাব পরিচালনার বিষয়টি আগেও তদন্ত ও সমালোচনার মুখে পড়েছে।

২০১৯ সালে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহজনক লেনদেনের বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে জানাতে ব্যর্থ হয়েছিল ডয়চে ব্যাংক। সে সময় ব্যাংকটি বলেছিল, এ ধরনের উদ্বেগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানোর ক্ষেত্রে তাদের কোনো তদন্তকারীকে বাধা দেওয়া হয়নি।

ফাঁস হওয়া নথিতে এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৫৮২ মিলিয়ন ডলারের লেনদেনের তথ্য রয়েছে। ব্যাংকের অভ্যন্তরীণ পর্যায়ে এসব লেনদেনকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের সিনেটের তদন্তে ব্যাংকগুলোর উপেক্ষা করা বা কর্তৃপক্ষকে না জানানো লেনদেনের যে পরিমাণ আগে শনাক্ত করা হয়েছিল, নতুন নথিতে পাওয়া অর্থের পরিমাণ তার দ্বিগুণেরও বেশি। আগস্টে সিনেটের তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় ডয়চে ব্যাংকের এক মুখপাত্র এপস্টেইনের সঙ্গে ব্যাংকটির অতীতের সম্পর্ক নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন।

যুক্তরাষ্ট্রের অর্থলগ্নিকারী এপস্টেইন ২০১৩ সালে ডয়চে ব্যাংকের গ্রাহক হন। এর পাঁচ বছর আগে ফ্লোরিডায় অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে পতিতাবৃত্তিতে নিয়োজিত করার অভিযোগে দোষ স্বীকার করেছিলেন তিনি। ২০১৮ সাল পর্যন্ত ব্যাংকটির গ্রাহক ছিলেন এপস্টেইন। বিচারের অপেক্ষায় থাকা অবস্থায় ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে তার মৃত্যু হয়।

নতুন ফাঁস হওয়া নথির অভ্যন্তরীণ ইমেইল থেকে জানা যায়, এপস্টেইনের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পরও ব্যাংকটির জ্যেষ্ঠ কর্মকর্তারা তাকে গ্রাহক হিসেবে অনুমোদন দিয়েছিলেন। এমনকি তার সাবেক প্রেমিকা ও সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের কর্মকাণ্ড নিয়ে সতর্কবার্তা পাওয়ার পরও এপস্টেইনের ব্যাংক হিসাবগুলো চালু রেখেছিলেন তারা।

২০২১ সালে কিশোরীদের যৌন নির্যাতনে এপস্টেইনকে সহায়তার দায়ে দোষী সাব্যস্ত হন ম্যাক্সওয়েল। বর্তমানে তিনি ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।

ফাঁস হওয়া নথিতে এপস্টেইনের ধনাঢ্য সহযোগীদের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনের তথ্যও রয়েছে। তাদের মধ্যে রয়েছেন প্রাইভেট ইক্যুইটি খাতের ধনকুবের লিওন ব্ল্যাক এবং ওয়াল স্ট্রিটের অর্থলগ্নিকারী গ্লেন ডুবিন।

এর আগে ব্ল্যাকের প্রতিষ্ঠানের নিয়োগ করা এক পর্যালোচনায় দেখা গিয়েছিল, ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে কর ও সম্পত্তি পরিকল্পনাবিষয়ক পরামর্শের জন্য তিনি এপস্টেইনকে ১৫ কোটি ৮০ লাখ ডলার দিয়েছিলেন। ব্ল্যাক এপস্টেইনের সঙ্গে নিজের সম্পর্ক থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছেন এবং কিশোরী ও তরুণীদের ওপর এপস্টেইনের নির্যাতন সম্পর্কে অবগত থাকার কথা বারবার অস্বীকার করেছেন।

এপস্টেইন-সংশ্লিষ্ট আর্থিক লেনদেন পরিচালনার কারণে ব্যাংকটি ২০ কোটি ডলারের বেশি জরিমানা ও ক্ষতিপূরণ দেওয়ার কয়েক বছর পর এ নথি ফাঁসের ঘটনা ঘটল।

২০২০ সালে এপস্টেইনসহ উচ্চঝুঁকির গ্রাহকদের বিষয়ে বিধিবিধান মেনে চলতে ব্যর্থ হওয়ায় নিয়ন্ত্রক সংস্থাগুলো ডয়চে ব্যাংককে ১৫ কোটি ডলার জরিমানা করেছিল। সে সময় তারা জানতে পেরেছিল, ব্যাংকটিতে এপস্টেইনের ৪০টির বেশি হিসাব ছিল।

২০২৩ সালে এপস্টেইনের হাতে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তোলা নারীদের করা একটি মামলা নিষ্পত্তিতে ৭ কোটি ৫০ লাখ ডলার দিতে সম্মত হয় ব্যাংকটি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর আগ পর্যন্ত রাশিয়ায় ডয়চে ব্যাংকের ব্যবসায়িক লেনদেনের বিস্তারিত তথ্যও রয়েছে নথিতে। ব্যাংকটির কয়েকজন ব্যবস্থাপক উদ্বেগ প্রকাশ করলেও এসব লেনদেন অব্যাহত ছিল।

নথিতে ক্রেমলিনের সঙ্গে সংশ্লিষ্ট ধনী গ্রাহকদের সঙ্গে ব্যাংকটির ব্যবসায়িক সম্পর্ক অব্যাহত রাখা নিয়ে আগে প্রকাশ না পাওয়া অভ্যন্তরীণ সতর্কবার্তাও রয়েছে। এসব গ্রাহকের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ও অর্থপাচারসংক্রান্ত উদ্বেগ ছিল।

নথিতে যাদের নাম রয়েছে, তাদের মধ্যে আছেন রাশিয়ার ধনকুবের রোমান আব্রামোভিচ। তিনি ইংলিশ ফুটবল ক্লাব চেলসির সাবেক মালিক। এ ছাড়া রয়েছেন অ্যালুমিনিয়াম ব্যবসায়ী ওলেগ দেরিপাস্কা। ২০২২ সালে যুক্তরাজ্য এ দুজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

নথিতে আরেক ধনকুবের সুলেইমান কেরিমভের নামও রয়েছে। ২০১৪ ও ২০১৮ সালে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের চাচা রিফাত আল-আসাদের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনের তথ্যও নথিতে পাওয়া গেছে। গত জানুয়ারিতে মারা যান রিফাত। সিরিয়ার রাষ্ট্রীয় তহবিল সরিয়ে নেওয়া অর্থ দিয়ে কয়েক মিলিয়ন ইউরো মূল্যের সম্পত্তি কেনার দায়ে ২০২০ সালে ফ্রান্সে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।

সারকোজি-লিবিয়া কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়েও নথি রয়েছে। ওই ঘটনায় ২০০৭ সালের নির্বাচনী প্রচারের জন্য প্রয়াত লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির সরকারের কাছ থেকে অর্থ সংগ্রহের চেষ্টার দায়ে ২০২৫ সালে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত হন।

মন্তব্য করুন