ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

শেখ হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ: টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ করার প্রস্তাব

প্রকাশিত: 18 November 2026, 10:46 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু করার দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে নোটিশ পাঠানো হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড ডাকযোগে ও ইমেইলের মাধ্যমে এই নোটিশ পাঠান। এতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার পৈতৃক নিবাস টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, প্রতিবেশী দেশের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানো এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাকে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে নোটিশে।

মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে এই নোটিশের বিবাদী করা হয়েছে।

আইনজীবী মাহমুদুল হাসানের পাঠানো নোটিশে বলা হয়েছে, দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করায় শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষাব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল তথ্য রয়েছে। প্রতিবেশী দেশে তার দীর্ঘ অবস্থানের কারণে এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে ফাঁস হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

নোটিশে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় আশ্রয় নেওয়ার উদাহরণ টেনে আনা হয়েছে। এসব ঘটনার প্রেক্ষাপটে আঞ্চলিক ভূরাজনৈতিক সংঘাতের আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য বৈরিতা বা সশস্ত্র সংঘাত এড়াতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ওপর জোর দেওয়া হয়েছে।

প্রত্যর্পণ চুক্তির দীর্ঘসূত্রতা ও আনুষ্ঠানিক জটিলতা এড়িয়ে তাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে নোটিশে সাতটি সুনির্দিষ্ট আইনি ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানো। ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের ব্যবস্থা করা এবং পরবর্তীতে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল পাঠিয়ে তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়ার কথা বলা হয়েছে।

এছাড়া নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে ‘ট্রাভেল পাস’ ইস্যু করে বাণিজ্যিক ফ্লাইট বা বিশেষ চার্টার্ড বিমানে পুলিশের কড়া পাহারায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে আইনি নোটিশে।

আইনজীবী মাহমুদুল হাসান আরও প্রস্তাব করেছেন যে, শেখ হাসিনা দেশে পৌঁছানোর আগে কারা আইন ও জেল কোড অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ ঘোষণা করতে হবে। বিমানবন্দর থেকে তাকে সরাসরি পুলিশের হেলিকপ্টারে করে ওই সাব-জেলে স্থানান্তরের কথা বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, আইনি হেফাজতে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী বিলম্ব মার্জনার আবেদন করে আপিল বিভাগে তার আপিল করার আইনি সুযোগ রয়েছে। পাশাপাশি অন্যান্য আদালতে বিচারাধীন মামলায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে।

মন্তব্য করুন