পায়ে হেঁটে এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়ল গাজীপুরের শাকিল

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরের ইকরামুল হাসান শাকিল (২৭) সোমবার ইতিহাস গড়লেন। পায়ে হেঁটে কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠ থেকে যাত্রা শুরু করে তিনি সফলভাবে আরোহন করলেন মাউন্ট এভারেস্টের চূড়ায়। এই অসাধারণ কীর্তির মধ্য দিয়ে তিনি হয়ে উঠলেন সপ্তম বাংলাদেশি এভারেস্টজয়ী এবং সম্ভবত প্রথম যিনি দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্ট পর্যন্ত সম্পূর্ণ পথে হেঁটে রওনা দিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন।

৮৪ দিন আগে শুরু হওয়া এই দুরূহ যাত্রায় শাকিল নিজের এলাকা গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা গ্রামে এসে সকলের দোয়া নিয়ে আবার পথে নামেন। এবং শেষমেশ আজ, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে নিজের দেশের পতাকা উড়িয়ে এক অনন্য অর্জনের সাক্ষী হয়ে উঠলেন।

শাকিলের এই বিজয়ে আনন্দে ভাসছে কালিয়াকৈরবাসী। কেউ মিষ্টি বিতরণ করছেন, কেউ সামাজিক মাধ্যমে পোস্ট করছেন গর্বিত বার্তা।

তার পিতা খবির উদ্দিন জানান, “শাকিল ছোটবেলা থেকেই পাহাড়ে ওঠার নেশায় থাকত। স্কুলজীবন শেষে লেখাপড়ার পরিবর্তে পাহাড়-পর্বতের প্রতিই ছিল তার টান। এই টানই আজ তাকে এতোদূর নিয়ে এসেছে।”

ইকরামুল হাসান শাকিল এর আগেও একবার এভারেস্ট জয়ের চেষ্টা করেছিলেন। তবে এবার যে পরিমাণ অদম্য সাহস ও দৃঢ়তা নিয়ে তিনি সমুদ্রপৃষ্ঠ থেকে শুরু করে বিশ্বের সর্বোচ্চ চূড়া জয় করলেন, তা তাকে এনে দিলো আন্তর্জাতিক স্বীকৃতির পথ।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরণের অর্জন শুধু ব্যক্তি নয়, দেশকেও গর্বিত করে তোলে। পাশাপাশি এটি বাংলাদেশের অ্যাডভেঞ্চার স্পোর্টস ও পর্বতারোহণ সংস্কৃতিকে সামনে এগিয়ে নিয়ে যেতে এক বিশাল প্রেরণা।