অনলাইন ডেস্ক:
বিশ্বব্যাপী ভক্তদের মধ্যে স্পাইডারম্যান হিসেবে টম হল্যান্ডের জনপ্রিয়তা আকাশছোঁয়া। এবার অভিনেতা টম হল্যান্ড বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্রী মার্কিন অভিনেত্রী ও নৃত্যশিল্পী জেনডেয়া মারি স্টোর্মার কোলম্যান, যিনি চলচ্চিত্র দুনিয়ায় জেনডেয়া নামে পরিচিত।
সম্প্রতি খবর এসেছে যে, টম ও জেনডেয়া ইতোমধ্যেই নিজেদের ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতে বাগদান সম্পন্ন করেছেন। ক্রিসমাস এবং নিউ ইয়ার ইভের মধ্যে একদিন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় টম তার মনের কথা জেনডেয়ার কাছে প্রকাশ করেন, এরপরই তাদের বাগদান পর্ব সম্পন্ন হয়। তবে, এই সম্পর্কের ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি এই হলিউড তারকারা।
গোল্ডেন গ্লোব ২০২৫ পুরস্কার অনুষ্ঠানে গত রবিবার জেনডেয়ার আঙুলে একটি ঝলমল হিরের আংটি দেখা যায়, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অভিনেত্রীর সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা মনে করছেন, এটি টম ও জেনডেয়ার বাগদানকে সঙ্গতভাবে নিশ্চিত করে।
২০১৬ সালে ‘স্পাইডারম্যান’ সিনেমার সেটে প্রথম একে অপরের সঙ্গে পরিচিত হন টম ও জেনডেয়া। এরপর ২০২০ সালে একটি অনুষ্ঠানে প্রকাশ্যে চুম্বন করতে দেখা যায় তাদের, এবং তখন থেকেই তাদের বিয়ে ও বাগদান নিয়ে গুঞ্জন চলছে। এছাড়া, তারা আগামীতে ক্রিস্টোফার নোলানের ‘ওডেসি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন বলে জানা গেছে।











