পুলিশের নির্বাচনী প্রস্তুতি নিয়ে ডিএমপির সতর্ক বার্তা

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ডিএমপি ও জাইকার আয়োজিত রোড সেফটি সেমিনার শেষে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের বলেন, “এবারের নির্বাচন ঘিরে একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য পরিবেশের আশা করা হচ্ছে। তবে যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি (আওয়ামী লীগ) এবার অংশগ্রহণ করতে পারছে না, তারা পরিস্থিতি জটিল করতে পারে।”

তিনি আরও বলেন, “নিষিদ্ধ ঘোষিত দলটির রাজনৈতিক মিছিল-সমাবেশের সংখ্যা সাম্প্রতিক সময়ে বেড়েছে, তবে বেশিরভাগই সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক। অনেকে নাইট কোচে এসে অল্প সময়ের জন্য ব্যানার দেখিয়ে ভিডিও করে ফেসবুকে দেয়। এতে বড় মিছিলের ছাপ পড়ে, কিন্তু বাস্তবে তা তেমন কিছু না।”

ডিএমপি কমিশনার জানিয়েছেন, “গত ১৭ বছরে বড় ধরনের অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। ফলে বর্তমানে পুলিশের প্রায় অর্ধেক সদস্য এই সময়ে নিয়োগপ্রাপ্ত, যারা কখনো ভোট দিয়েছেন না বা নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা নেই।”

তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। আমরা আমাদের সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি এবং ১০০ শতাংশ নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দিয়েছি।”

শেখ মো. সাজ্জাত আলী আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে বলেন, “নিষিদ্ধ ঘোষিত দলটি ককটেল বিস্ফোরণ এবং নাশকতার চেষ্টা করছে, তবে আমরা সর্বোচ্চ সতর্ক থাকছি যেন কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে।”

তিনি আশা প্রকাশ করেন, “নভেম্বরের শেষ দিকে দেশে একটি চমৎকার নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে।” পাশাপাশি তিনি জনগণের নির্বাচনে অংশগ্রহণ বৃদ্ধির প্রয়োজনীয়তাও তুলে ধরেন এবং বলেন, “৩৫-৪০ বছর বয়সী অনেকেই আজো ভোট দেননি, যা আমাদের দেশের জন্য দুঃখজনক।”