পোশাক খাতে অস্থিরতা: ২৩ মামলায় গ্রেপ্তার ১৫৫, নেপথ্যের উসকানিদাতাদের খুঁজছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক:
মজুরি বৃদ্ধির দাবিতে সাভার ও আশুলিয়ায় পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টির নেপথ্যে উসকানিদাতাদের খুঁজছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে, এই আন্দোলনে বিভিন্ন সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সম্পৃক্ত থাকার আশঙ্কা রয়েছে। এ পর্যন্ত সাভার ও আশুলিয়া থানায় দায়ের করা ২৩টি মামলায় মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকেই মজুরি বৃদ্ধির দাবিতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকেরা। বেশ কিছু জায়গায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি সদস্যরা কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। দুপুর সোয়া ১২টার দিকে ফুলবাড়িয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অবরোধকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় দুই থানায় মোট ২৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ১৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলাগুলোতে ৩৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৩ হাজার ৩৬০ থেকে ১৫ হাজার ৩৫০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সাভার মডেল থানায় ১১টি মামলায় ১১৭ জন এবং আশুলিয়া থানায় ১২টি মামলায় ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংশ্লিষ্ট থানা-পুলিশের তথ্য অনুযায়ী, সাভার মডেল থানায় শ্রমিক অসন্তোষ ও সহিংসতার ঘটনায় ১১টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ৩৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ১০ থেকে ১২ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলাগুলোতে ১১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে তিনটি ককটেল, পেট্রোলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, শ্রমিক অসন্তোষের ঘটনায় দায়ের করা মামলাগুলোতে এখন পর্যন্ত ১১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে কোনো পোশাক শ্রমিক নেই, তারা সবাই বহিরাগত। নাশকতার উদ্দেশ্যেই তারা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
ওসি সাইফুল আলম আরও বলেন, শ্রমিকদের মজুরির দাবিকে কেন্দ্র করে আন্দোলন হলেও এর পেছনে বিভিন্ন সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের সদস্যদের উসকানি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আন্দোলনকে ভয়াবহ রূপ দেওয়ার চেষ্টা চলছে। উসকানিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
অন্যদিকে আশুলিয়া থানায় শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় ১২টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামাসহ ৩ হাজার ৩৬০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, মঙ্গলবার সাভার ও আশুলিয়ায় ৬০০-এর বেশি শিল্প পুলিশের সদস্য দায়িত্ব পালন করছেন। শ্রমিকেরা কাজে যোগ না দেওয়া এবং বিভিন্ন কারণে নতুন করে প্রায় ২০টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।
তিনি আরও বলেন, সাভারের হেমায়েতপুর, রাজফুলবাড়িয়া, ব্যাংকটাউন ও ডেলিকেট গার্মেন্টসের সামনে শ্রমিকেরা সড়ক অবরোধ করলেও পুলিশ, জেলা পুলিশ ও বিজিবির সমন্বিত প্রচেষ্টায় তা তুলে দেওয়া হয়েছে। পদ্দার মোড় এলাকায় একটি কারখানার সামনে বহিরাগত ও সাবেক শ্রমিকেরা ফটক আটকে দিলেও পরে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। কারখানার আশপাশের সড়ক ও শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় নজরদারিও অব্যাহত রয়েছে।
