রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালায় এসআরবি-১-এর একটি দল। ওই বাসা থেকেই তাকে আটক করা হয়।
গ্রেফতারের পর তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং পরে গোয়েন্দা পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সাঈদ খোকনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলা এবং দুর্নীতির অভিযোগ অত্যন্ত উল্লেখযোগ্য।
২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন। এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত তার ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন এবং ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি তাদের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বারিধারার একটি বাসা থেকে মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে এসআরবি-১। দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাঈদ খোকনের অবস্থানের বিষয়ে গতকাল রাতে গোপন তথ্য পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বারিধারা এলাকায় অভিযানে নামে এসআরবি-১-এর একটি বিশেষ দল।
অভিযানের একপর্যায়ে সকাল ৭টার দিকে বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরপরই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবির গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, সাঈদ খোকনকে আটক করার পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে সুনির্দিষ্ট কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
