পোষ্যপ্রেমে বাড়ছে বিড়ালের কদর

অনলাইন ডেস্ক:

বাংলাদেশে এখন বিড়াল পালন শুধু শখ নয়, হয়ে উঠছে আবেগের জায়গা। বিশেষ করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে বয়স্করাও ঝুঁকছেন এই ছোট্ট প্রাণীর বন্ধুত্বের দিকে। দেশের পেট শপগুলোতে দেশি, পার্সিয়ান, বেঙ্গল, সাইবেরিয়ানসহ নানা জাতের বিড়াল পাওয়া যায়, তবে সহজলভ্যতা ও মূল্যের কারণে দেশি এবং পার্সিয়ান জাতিই বেশি জনপ্রিয়।

একজন ভেটেরিনারি বিশেষজ্ঞ জানিয়েছেন, মানুষের মতোই বিড়ালেরও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই তাদের যত্নে বাড়াতে হবে নজরদারি। আচরণে হঠাৎ পরিবর্তন, যেমন খাওয়া কমে যাওয়া, অতিরিক্ত ঘুম বা কম হাঁটাচলা করা—এসব হতে পারে কিডনি সমস্যা, ডায়াবেটিস, আর্থ্রাইটিস এমনকি ক্যানসারের লক্ষণ।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন—

সময়মতো স্বাস্থ্য পরীক্ষা

বয়স ও ওজন অনুযায়ী সঠিক পুষ্টিকর খাবার

চলাফেরার জন্য সুবিধাজনক ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরি

ফ্লু ও র‍্যাবিসের টিকা সময়মতো দেওয়া

বিড়ালের ফ্লুর টিকা দিতে হয় আড়াই মাস বয়স থেকে, আর র‍্যাবিসের টিকা শুরু করা যায় তিন মাস বয়স থেকে।

বিশ্বজুড়ে পোষা বিড়ালের সংখ্যা এখন প্রায় ৩৭০ মিলিয়ন। বাংলাদেশেও এই সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, সঙ্গে বাড়ছে সচেতনতাও।