প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন শফিকুর রহমান
অনলাইন ডেস্ক:
অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৈঠকের অনুরোধ পেয়ে তিনি সফর কাটছাঁট করে ফিরে এসেছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে জামায়াতের নেতারা তাকে স্বাগত জানান।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবায়ের জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দলের সঙ্গে যোগাযোগ করে জানতে চাওয়া হয়, দলের প্রধান কখন ফিরবেন এবং কখন আলোচনায় বসতে পারবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার জন্য অপেক্ষা করছেন। তাই তিনি অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে ফিরছেন। আর মালয়েশিয়া যাবেন না।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন শফিকুর রহমান। জাতীয় ঐক্য গড়ার উদ্যোগের অংশ হিসেবেই এই বৈঠক হচ্ছে। প্রধানমন্ত্রী এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেছেন।
প্রধানমন্ত্রী ও জামায়াত প্রধানের বৈঠক প্রথমে ২৬ নভেম্বর হওয়ার কথা ছিল। তবে শফিকুর রহমানের ফেরার পর বৈঠকের তারিখ চূড়ান্ত করা হবে। তার ফেরার পর জামায়াত ও ১১ দলীয় জোটের ভেতরেও আলোচনা হওয়ার কথা রয়েছে।
শফিকুর রহমান ২০ নভেম্বর সিডনিতে পৌঁছান। সফরে তিনি অস্ট্রেলিয়ার মুসলিম নেতা ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বৈঠক করেন। ২১ নভেম্বর অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন তিনি। ২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পবেলটাউন ক্যাম্পাসে ‘জুলাই গণঅভ্যুত্থান ও এর পরের পথ’ শীর্ষক আলোচনায় বক্তব্য দেন। ২৩ নভেম্বর ক্যানবেরায় এক সংবর্ধনায় যোগ দেন তিনি।
এর আগে ১৮ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে তারেক রহমান ও শফিকুর রহমানের মধ্যে ব্যক্তিগত বৈঠক হয়। এরপর সংসদে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের আহ্বান জানান।
