প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক:

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানীর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নবনির্মিত এক নম্বর ভবনের পঞ্চম তলার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

সকাল ৯টা ২৫ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। এটি তাঁর দ্বিতীয়বার সচিবালয়ে উপস্থিতি, তবে নতুন ভবনে এই প্রথম উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হলো।

প্রধান উপদেষ্টার আগমন ঘিরে সচিবালয়ে নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। এক নম্বর গেট ছাড়া অন্য কোনো প্রবেশপথ দিয়ে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। ওই গেটে সোয়াত সদস্যদের মোতায়েন করা হয়। এছাড়া সচিবালয় চত্বরে বিজিবি, র‍্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নজরদারিতে দেখা যায়।

সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। গাড়ি প্রবেশের জন্য সচিবালয় স্টিকার বাধ্যতামূলক করা হয়। এমনকি সকাল ১১টা পর্যন্ত সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি।

নতুন ভবনের সামনে বসানো হয়েছে আর্চওয়ে, এবং ওই ভবনের আশপাশে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ইউনূস প্রথমবার সচিবালয়ের ৬ নম্বর ভবনে উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নেন। এরপর সচিবালয়ের বাইরে যমুনা রেসিডেন্সে নিয়মিত বৈঠক হলেও আজই প্রথম নবনির্মিত এক নম্বর ভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো।