প্রবাসীদের জন্য ১১ হাজার টন ইলিশ পাঠাবে সরকার দুই দেশে

অনলাইন ডেস্ক:

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১১ হাজার টন ইলিশ রপ্তানি করবে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, এই রপ্তানি চলতি বছরের আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে হবে। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ২০১২ সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ ছিল, কারণ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে ২০২৩-২৪ অর্থবছরে ইলিশের উৎপাদন বাড়ায় এবং প্রবাসী কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে সীমিত আকারে ইলিশ রপ্তানির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সৌদি আরব ও ইউএইতে ১১ হাজার টন ইলিশ রপ্তানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে।

তিনি আরও জানান, চলতি বছরের আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে এই রপ্তানি কার্যক্রম চালু করা হবে। পরে অন্যান্য দেশে ইলিশ রপ্তানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এদিকে, আসন্ন রমজান মাসে ঢাকায় ২৫টি স্থানে সুলভে মাংস, ডিম, দুধ সরবরাহের জন্য ভ্রাম্যমাণ বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। ফরিদা আখতার জানিয়েছেন, রমজান মাসে মাংস, ডিম ও দুধের মূল্য স্থিতিশীল রাখার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ২৮ রমজান পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এই সুলভমূল্যে বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে।

এই বিক্রয় কার্যক্রমে ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি ডজন ১১৪ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি হবে। ফরিদা আখতার বলেন, এই কার্যক্রমে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএফএ) এবং অন্যান্য অংশীজনরা সহায়তা করবেন।

এই কার্যক্রমের উদ্বোধন আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ১০:৩০ টায় দক্ষিণ বারিধারা আবাসিক এলাকায় সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে হবে।