‘প্রবাসীর স্ত্রী ২’ এর সিক্যুয়েলের সাফল্যে ১০ লাখ দর্শকের ভালোবাসা

অনলাইন ডেস্ক:

গেল বছর মুক্তি পাওয়া নাটক ‘প্রবাসীর স্ত্রী’ এর সাফল্যের পর দর্শকদের অনুরোধে নির্মিত হয়েছে এর সিক্যুয়েল ‘প্রবাসীর স্ত্রী ২’। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অহনা রহমান ও রুশো শেখ। আসাদুজ্জামান সোহাগের গল্পে নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। গত শুক্রবার বিকেলে ইউটিউবে মুক্তি পায় নাটকটি, যা ইতিমধ্যে ১০ লাখেরও বেশি দর্শক দেখেছে এবং ব্যাপক ইতিবাচক মন্তব্য পেয়েছে।

নাটকের কাহিনিতে প্রবাসীর স্ত্রী নিরুর জীবনের দুর্বিষহ কষ্টগুলো তুলে ধরা হয়েছে। যেখানে তার স্বামী সন্তানকে অস্বীকার করে এবং রাগের মাথায় মিথ্যা অপবাদ দিয়ে তাকে তালাক দেয়। শ্বশুরবাড়ির মানুষের অত্যাচারে নিরুর জীবন হয়ে ওঠে আরও কষ্টকর, এবং একের পর এক ঘটনা ঘটতে থাকে, যা নাটকের কাহিনী এগিয়ে নিয়ে যায়।

অহনা রহমান বলেন, “দর্শকরা নাটকের দ্বিতীয় কিস্তি চেয়েছিলেন, আর পরিচালকও আমাকে এই কাজের জন্য বলেছিলেন। তাই দর্শকদের আর অপেক্ষা করানো ঠিক হবে না। এটি একটি সুন্দর গল্প, এবং আমি আশা করছি দর্শকরা ভালো কিছু পাবেন।”

রুশো শেখ বলেন, “‘প্রবাসীর স্ত্রী’ থেকে ‘টু’-এর গল্প অনেক বেশি শক্তিশালী। দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করেছেন। এই দুই কাজের মাধ্যমে আমার ক্যারিয়ার নতুন করে শুরু হয়েছে, এবং আমি এজন্য পরিচালককে চিরকাল কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তিকে ছাড়িয়ে যাবে।”

নাটকের পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, “অহনা আমার পছন্দের অভিনেত্রী। নারীপ্রধান চরিত্রে তার অভিনয় দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছে। অনেকেই নাটকটি দেখে কেঁদেছেন। সব শিল্পী দর্শককে কাঁদাতে পারে না, তবে অহনা সে কাজটি সফলভাবে করেছেন। আমরা পুরো টিম মিলে অনেক পরিশ্রম করেছি, আশা করি দর্শকরা হতাশ হবেন না।”

এছাড়া নাটকটিতে আরো অভিনয় করেছেন জেরিন খান রতœা, আদিবা সুলতানা, পৃথা, সৈয়দ শিপুল, টুম্পা মাহবুব প্রমুখ।