নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মৎস্য ভবন মোড়ে মঙ্গলবার এক মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের অভিযোগ করেন, জাতীয় নির্বাচনে একতরফা ফল নিশ্চিত করতে প্রশাসনে দলীয় লোক বসানো হচ্ছে। তিনি বলেন, “আমাদের কাছে ষড়যন্ত্রে জড়িত উপদেষ্টাদের নাম, কল রেকর্ড ও মিটিংয়ের বক্তব্যসহ প্রমাণ রয়েছে। সংশ্লিষ্টরা সংশোধন না হলে তা জনসম্মুখে প্রকাশ করা হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ পদে এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি অতীতে দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন এবং একটি দলের প্রতি অনুগত। আমরা আগেই সরকারকে সতর্ক করেছিলাম, কিন্তু আমাদের আশ্বাসের পরও এমন নিয়োগ প্রমাণ করে একটি মহল প্রশাসন দলীয়করণের মাধ্যমে নীলনকশা বাস্তবায়ন করতে চাচ্ছে।”
তিনি দাবি করেন, সরকারের চার থেকে পাঁচজন উপদেষ্টা এবং পুলিশের কিছু কর্মকর্তার মাধ্যমেও একদলীয় নিয়োগ নিশ্চিত করার চেষ্টা চলছে। এছাড়া কিছু মহল ‘গণভোট ও জাতীয় ভোট একসঙ্গে হবে’ এমন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি।











