অনলাইন ডেস্ক:
ত্বকের সৌন্দর্য এবং উজ্জ্বলতা ধরে রাখতে শুধুমাত্র রূপচর্চাই যথেষ্ট নয়, খাদ্যাভ্যাসও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে কিছু সবজি রয়েছে, যেগুলো ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে এবং তার স্বাস্থ্য রক্ষা করে। তাই যদি আপনি উজ্জ্বল ত্বক পেতে চান, খাদ্য তালিকায় রাখুন এসব সবজি। শসা, পালং শাক, করলা, মিষ্টি আলু, গাজর, ক্যাপসিকাম এবং বাঁধাকপি ত্বককে প্রাণবন্ত ও সুস্থ রাখে।
শসা
শসা ত্বকের সৌন্দর্য বাড়ানোর জন্য অত্যন্ত উপকারী। এতে প্রচুর পানি থাকে, যা ত্বককে হাইড্রেটেড রাখে। এছাড়াও ভিটামিন সি ও ভিটামিন এ ত্বকের কোষের ক্ষতি রোধ করে, ফলে ত্বক থাকে উজ্জ্বল ও মসৃণ।
পালং শাক
পালং শাকে রয়েছে বিটা-ক্যারোটিন, যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক রক্ষা করে। পাশাপাশি এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট, আয়রন ও ফলেট ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং রক্ত চলাচল সঠিক রাখতে ভূমিকা রাখে।
করলা
করলা, যদিও তিতা, তবুও এটি ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এটি শরীরের দূষিত পদার্থ দূর করে এবং ত্বককে উজ্জ্বল করে তোলে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান ত্বককে পরিষ্কার ও প্রাণবন্ত রাখে।
মিষ্টি আলু
মিষ্টি আলুতে রয়েছে ভিটামিন এ, সি এবং ই, যা ত্বককে টানটান এবং উজ্জ্বল রাখে। নিয়মিত মিষ্টি আলু খাওয়ার ফলে ত্বক আরও প্রাণবন্ত ও উজ্জ্বল হয়ে ওঠে।
গাজর
গাজর প্রাকৃতিকভাবে ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যবান করে তোলে। এতে থাকা ভিটামিন ও মিনারেল ত্বকের ভিতর থেকে উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।
ক্যাপসিকাম
ক্যাপসিকাম নিয়মিত খেলে ত্বক দ্রুত বুড়িয়ে যায় না। এতে থাকা ভিটামিন বি৬ এবং সি ত্বকের কোষ সুস্থ রাখে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখে।
বাঁধাকপি
বাঁধাকপি ত্বককে সুন্দর ও উজ্জ্বল রাখে। এতে থাকা সালফার, ভিটামিন সি, ভিটামিন কে ও বি৬ ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখে এবং ত্বকের নতুন কোষ গঠনে সহায়তা করে।
উজ্জ্বল ত্বক পেতে এগুলোর মধ্যে যেকোনো একটি বা একাধিক সবজি খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন। পাশাপাশি, সুষম খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত পানি পানও ত্বকের জন্য অতিরিক্ত উপকারী।











