ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: একে একে পরিবারের সবাই মারা গেলেন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গত রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লা গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় একে একে স্বামী ও তিন সন্তানের পর মারা গেলেন গৃহবধূ সালমা আক্তার (৩০)। এ নিয়ে পরিবারটির দগ্ধ সবাই মারা গেছেন।

 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আজ শুক্রবার (১৫ মে) সকাল ৯টার দিকে মারা যান গৃহবধূ সালমা। এর আগে, বৃহস্পতিবার তার ছেলে মুন্না (১২), দুপুরে মেয়ে মুন্নি (৭) মারা যায়। বুধবার মৃত্যু হয় তার আরেক মেয়ে কথার (৪) এবং সোমবার মারা যান তার স্বামী আবুল কালাম (৩৫)।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

 

তিনি জানান, সালমার শ্বাসনালীসহ শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি ছিলেন তিনি।

 

গত রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লা গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন, সবজি বিক্রেতা মো. আবুল কালাম (৩৫), তার স্ত্রী সালমা আক্তার (৩২)। তাদের ছেলে মুন্না (১২), দুই মেয়ে কথা (৪) ও মুন্নি (৭)।

 

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. হাসান জানান, রোববার সকাল ৭টার দিকে ওই বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখেন, ঘরের ভেতর আগুন জ্বলছে। তখন ভেতর থেকে তাদেরকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় বার্ন ইনস্টিটিউটে।