অনলাইন ডেস্ক :
ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে অন্তত ১৪৭ জন। স্থানীয় সময় মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৯টা ৫৯ মিনিটে (১৩৫৯ GMT) সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ৯।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পে সেবু দ্বীপে বহু ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
সেবুর প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্রো এক বিবৃতিতে জানান, বোগো শহরের প্রাদেশিক হাসপাতালে ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। গুরুতর আহতদের চিকিৎসা হাসপাতালের বাইরেও দেওয়া হচ্ছে, কারণ হাসপাতালের ভেতর জায়গা সংকট দেখা দিয়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ভবনের সংখ্যা এখন পর্যন্ত ২২টি এবং হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, সেবুর কাছাকাছি বান্টায়ান দ্বীপের একটি ঐতিহাসিক ক্যাথলিক গির্জার ঘন্টা টাওয়ার ভূমিকম্পের সময় কেঁপে উঠে ধসে পড়ছে।
স্থানীয় বাসিন্দা ২৫ বছর বয়সী মারথম পাসিলান বার্তা সংস্থা এএফপিকে জানান, “আমি গির্জার দিক থেকে বিকট শব্দ শুনলাম, তারপর দেখি পাথর পড়ছে। সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি।”











