ফিলিপিন শহরে মশা ধরতে নগদ পুরস্কারের ঘোষণা

অনলাইন ডেস্ক:

ফিলিপিন্সের ম্যানিলার কেন্দ্রীয় এলাকা বারাঙ্গে অ্যাডিশন হিলসে ডেঙ্গু রোগের বিস্তার রোধে মশা ধরার জন্য নগদ পুরস্কারের ঘোষণা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রতি পাঁচটি মশার জন্য এক পেসো (দুই মার্কিন সেন্টেরও কম) পুরস্কার দেওয়া হবে, এমন ঘোষণা করেছে শহর কর্তৃপক্ষ।

এই উদ্যোগটির লক্ষ্য হল ডেঙ্গু রোগের বিস্তার ঠেকানো এবং গত কিছুদিন ধরে ডেঙ্গু রোগের বাড়তি সংক্রমণ মোকাবিলা করা। মশাবাহিত এই রোগে সাম্প্রতিক সময়ে দুটি শিক্ষার্থীর মৃত্যুর পর এই উদ্যোগ নেয়া হয়েছে।

পুরস্কারের ঘোষণা আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। কেউ বলেছেন, “এবার মশা চাষ শুরু হবে!” আরেকজন কৌতুক করে বলেন, “যদি মশার একটাও ডানা না থাকে, তাহলে কি সেটি অযোগ্য হবে?” তবে, এই সমালোচনার মধ্যেও ম্যানিলার কর্তৃপক্ষ এটি জনস্বাস্থ্যের জন্য জরুরি পদক্ষেপ বলে মনে করছে।

বারাঙ্গে অ্যাডিশন হিলসের প্রধান কার্লিতো সার্নাল জানিয়েছেন, পুরস্কারের আওতায় মশার লার্ভা ধরাও আসবে, মৃত বা জীবিত যা-ই হোক না কেন। তিনি আরো জানিয়েছেন, এ পর্যন্ত ২১ জন লোক পুরস্কারের জন্য আবেদন করেছেন এবং ৭০০টি মশা ও লার্ভা জমা দিয়েছেন।

এছাড়া, তিনি বলেন যে, এই উদ্যোগটি ডেঙ্গু প্রতিরোধের জন্য অন্যান্য পদক্ষেপের পরিপূরক হিসেবে কাজ করবে। এর মধ্যে রয়েছে— রাস্তা পরিষ্কার রাখা এবং যেসব জায়গায় ডেঙ্গু বাহিত মশা ডিম পাড়ে, সেখানে পানি জমতে না দেয়া।

ফিলিপিনসের স্বাস্থ্য মন্ত্রণালয় (ডিওএইচ) এই পদক্ষেপকে প্রশংসনীয় হিসেবে অভিহিত করেছে, তবে নগদ পুরস্কারের কার্যকারিতা নিয়ে মন্তব্য করতে তারা অস্বীকৃতি জানিয়েছে। ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধির সময় এলাকাটিতে ৪৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

এদিকে, ফিলিপিনসে ডেঙ্গু রোগের সংক্রমণ সাম্প্রতিক সময়ে ৪০ শতাংশ বেড়ে গেছে। ডিওএইচ জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ২৮ হাজার ২৩৪টি ডেঙ্গু সংক্রমণ ঘটেছে, যা গত বছরের তুলনায় অনেক বেশি।