অনলাইন ডেস্ক:
২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি নির্মম হত্যাকাণ্ডে ৭৩ বছর বয়সী জোসেফ জুবা দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি ছুরিকাঘাতে এক ফিলিস্তিনি-আমেরিকান শিশুকে হত্যা এবং তার মাকে মারাত্মক আহত করার অভিযোগে দোষী হয়েছেন। আদালত শুক্রবার এই রায় দেন, এবং এই হত্যাকাণ্ডের পেছনে মুসলিম বিদ্বেষের প্রভাব ছিল বলে দাবি করেছেন প্রসিকিউটররা।
২০২৩ সালের ৭ অক্টোবর, ইসরায়েলে হামাসের হামলার কিছুদিন পর মানা গ্রামে ৬ বছর বয়সী শিশুটি, ওয়াদী আলফায়োউমি, এবং তার মা হানান শাহীন আক্রমণের শিকার হন। এই হত্যাকা-টি যুক্তরাষ্ট্রে মুসলিম ও আরববিদ্বেষের সহিংসতার এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে চিহ্নিত হয়।
শাহীন আদালতে বলেছেন, হামলার সময় জুবা যে ভাষা ব্যবহার করেছিলেন, তা ধর্মবিদ্বেষমূলক ছিল। ৯১১ কল রেকর্ডে শাহীনকে প্রাণের হুমকি দিয়ে বলতে শোনা যায়, “বাড়ির মালিক আমাকে এবং আমার সন্তানকে মেরে ফেলছে।” সিবিএস শিকাগো অনুসারে, এই কল রেকর্ডটি হত্যার পেছনে বিদ্বেষমূলক উদ্দেশ্য ছিল বলে প্রমাণিত হয়।
এছাড়া, যুক্তরাষ্ট্রে এই হত্যাকাণ্ডের পর আরব ও মুসলিম বিদ্বেষের আরও একাধিক ঘটনা ঘটেছে। এর মধ্যে ছিল তিন বছরের এক ফিলিস্তিনি-আমেরিকান শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা এবং টেক্সাসে এক ফিলিস্তিনি-আমেরিকান পূর্ণবয়স্ক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা। একই সময়ে, কর্নেল বিশ্ববিদ্যালয়ে ইহুদিদের বিরুদ্ধে সহিংসতার হুমকি এবং নিউইয়র্কে একটি ইহুদি কেন্দ্রের উপর হামলার প্রচেষ্টা ইহুদিবিদ্বেষের আশঙ্কা বাড়িয়েছে।
জোসেফ জুবা এই হত্যার জন্য যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।











