ফুটপাত দখল করে ব্যবসা চালানোদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ ফুটপাত দখল করে ব্যবসা চালানোদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি দোকানদাররা ফুটপাত দখল করে ব্যবসা চালাতে থাকে, তবে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করে দোকান সিলগালা করা হবে।

শনিবার (১৫ মার্চ) মিরপুর ৬০ ফিট রাস্তার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, “অনেক জায়গায় ফুটপাত দখল করে ব্যবসা চলছে। গ্যারেজ মালিকরা ফুটপাত ব্যবহার করে মোটরসাইকেল ও গাড়ি ওয়াশ করছেন, অনেক দোকানদাররা দোকানের সীমানার বাইরে গিয়ে ফুটপাত ব্যবহার করছেন। আমরা তাদের সতর্ক করছি, ফুটপাত দখলমুক্ত করুন।”

এছাড়া, ঈদের পরে ফুটপাত দখলকারী দোকানদারদের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দেন তিনি। তিনি আরও বলেন, “যেসব দোকানদার ফুটপাত দখল করে ব্যবসা চালাবে, তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে এবং দোকান সিলগালা করা হবে।”

ডিএনসিসি প্রশাসক জানান, ৬০ ফিট সড়কের উন্নয়ন কাজের সময় কিছু বাড়ির মালিক তাদের ফুটপাত নির্মাণে বাধা প্রদান করছেন। তিনি বলেন, “কিছু বাড়ির মালিক আমাদের কাজে সহযোগিতা করছে না, তারা অবৈধভাবে দোকান দিয়েছেন এবং ময়লা ফেলে রেখেছেন। তারা সরকারি কাজে বাধা দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এছাড়া, প্রশাসক আরও বলেন, “আমরা জনগণের জন্য কাজ করছি, দখলদারদের জন্য নয়। সরকারি রাস্তা দখল করে জনগণকে দুর্ভোগে ফেলা চলবে না।” আগামী ২৩ মার্চ তিনি মিরপুর ৬০ ফিট সড়কের আটটি পয়েন্ট পরিদর্শন করবেন এবং অমীমাংসিত বিষয়গুলো সমাধান করবেন।

তিনি আরও জানান, মিরপুর ৬০ ফিট সড়ক এবং মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি সড়কের সংস্কার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং ঈদের আগেই ৬০ ফিট সড়কের কাজ শেষ করে সেটি উন্মুক্ত করা হবে।

এছাড়া, পয়লা বৈশাখের আগে ডিএনসিসি এলাকায় চলমান সড়ক নির্মাণ কাজগুলোও সম্পন্ন হবে। তিনি বলেন, “আমাদের কর্মীরা রাতের আঁধারেও কাজ করছে, কারণ আমরা বসে থাকার জন্য আসিনি, বরং পরিবর্তন আনার জন্য এসেছি।”