ফের খোলার পর আবার পর্যটন বন্ধ করল উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক:

কয়েক সপ্তাহ পরেই, প্রথমবারের মতো পশ্চিমা পর্যটকদের জন্য খুলে দেওয়ার পর আবারও পর্যটকদের ভ্রমণ বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। গত ২০২০ সালে কোভিড-১৯ মহামারির কারণে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করার পর, ২০২৩ সালের মাঝামাঝি থেকে দেশটি বিধিনিষেধ শিথিল করতে শুরু করে। এর পর ২০২৪ সালে রাশিয়ান পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করা হয়। তবে, গত মাসেই প্রথমবারের মতো পশ্চিমা পর্যটকদের জন্য রাসন শহরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।

কিন্তু সম্প্রতি, চীনভিত্তিক কেটিজি ট্যুরস এবং ইয়ং পাইওনিয়ার ট্যুরসসহ বেশ কয়েকটি পর্যটন সংস্থা জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাসন শহরে পর্যটন স্থগিত রাখা হয়েছে। কেটিজি ট্যুরস তাদের ফেসবুক পোস্টে জানায়, ‘‘আমরা কোরিয়ান অংশীদারদের কাছ থেকে খবর পেয়েছি যে রাসন সবার জন্য বন্ধ হয়ে গেছে।’’ ইয়ং পাইওনিয়ার ট্যুরস তাদের ফেসবুক পেজে বলেন, ‘‘যারা এপ্রিল ও মে মাসে ভ্রমণ করার পরিকল্পনা করছেন, তাদের নতুন তথ্য না পাওয়া পর্যন্ত ফ্লাইট বুকিং থেকে বিরত থাকতে বলা হচ্ছে।’’

এদিকে, ২০ ফেব্রুয়ারি, প্রথম পশ্চিমা পর্যটকরা রাসনে প্রবেশ শুরু করেছিলেন। যদিও মহামারির আগে পর্যটন ভ্রমণের তুলনায় এই শহরে দর্শনার্থীরা ছিল কম, তবে ট্যুর অপারেটররা জানিয়েছিলেন যে, এখানে ভ্রমণকারী দর্শনার্থীদের স্থানীয়দের সঙ্গে কথা বলার বা রাস্তায় ঘুরে বেড়ানোর সুযোগও ছিল না। রাসনে ফোন সিগন্যাল এবং ইন্টারনেট অ্যাক্সেসও ছিল না।

এছাড়া, কোরিও ট্যুরস জানিয়েছিল যে, তারা ৫ বছর পর পিয়ংইয়ং ম্যারাথনের জন্য আন্তর্জাতিক আবেদনপত্র গ্রহণ করছে, তবে এখন এটি কতটুকু কার্যকর হবে তা নিশ্চিত নয়।

২০১৯ সালে, উত্তর কোরিয়া প্রায় ৩ লাখ ৫০ হাজার বিদেশি পর্যটক দেখেছিল, যাদের মধ্যে প্রায় ৯০ শতাংশ ছিল চীনা নাগরিক।