ফোনে ধীরে চার্জ হওয়ার কারণ ও সমাধান

অনলাইন ডেস্ক:

আজকাল অনেকেই স্মার্টফোনে দীর্ঘসময় চার্জ দেওয়ার পরও ফুল চার্জ পেতে পারেন না, যা একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিছু মানুষের ফোন এক ঘণ্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যায়, আবার অনেকের ফোনে চার্জ হতে অনেক সময় লাগে। তবে কেন ফোন ধীরে চার্জ হয়? আসুন, জানি এর কিছু সম্ভাব্য কারণ ও সমাধান।

১. ক্যাবল সম্পর্কিত সমস্যা
ক্যাবল হলো ফোনের চার্জিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। অতিরিক্ত ব্যবহারের ফলে ক্যাবলের ভেতরের সুতাগুলো কেটে বা বাঁকা হয়ে যেতে পারে, যার ফলে চার্জিং গতি কমে যায়। তাই প্রথমে ক্যাবলটি পরীক্ষা করুন এবং এক ক্যাবল সব ডিভাইসে ব্যবহার না করার চেষ্টা করুন। যদি ক্যাবলটি পুরানো বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে তা পরিবর্তন করে নিন।

২. কম্পিউটারের সঙ্গে ফোন চার্জ করা
অনেকেই কম্পিউটারের সঙ্গে ফোনের ক্যাবল জুড়ে দিয়ে চার্জ করেন, যা ফোনের চার্জিং গতি অনেক ধীর করে দেয়। সেক্ষেত্রে ফোন চার্জ করার জন্য একটি পাওয়ার অ্যাডাপ্টার ব্যবহার করা উত্তম।

৩. বিদ্যুৎ সরবরাহের সমস্যা
চার্জিং ধীর হওয়ার আরেকটি কারণ হতে পারে বাড়ির বিদ্যুৎ ব্যবস্থা। যদি বিদ্যুৎ সরবরাহ সঠিক না থাকে, তবে চার্জিংয়ের গতি কমে যেতে পারে। এই ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবস্থা পরীক্ষা করে দেখা উচিত।

৪. ব্যাটারির সমস্যা
বেশিরভাগ সময় ফোনের চার্জ ধীরে হওয়ার মূল কারণ হলো ব্যাটারি সমস্যা। চার্জার ও ক্যাবল সঠিক থাকলেও, যদি ব্যাটারিতে কোনো সমস্যা থাকে, তবে চার্জের গতি কমে যেতে পারে। এছাড়া, ব্যাটারির সমস্যা থাকলে চার্জ দ্রুত ফুরিয়ে যেতে পারে, ফোন গরম হতে পারে বা অস্বাভাবিকভাবে চার্জ বাড়া-কমা করতে পারে। এসব ক্ষেত্রে ব্যাটারি পরিবর্তন করা প্রয়োজন।

৫. চার্জিংয়ের সময় ফোন ব্যবহার করা
ফোন চার্জ দেওয়ার সময় অনেকেই ফেসবুক বা গেইম খেলে থাকেন। এসব অভ্যাসের কারণে ফোনের চার্জ ধীরে ধীরে পূর্ণ হয়, কারণ ফোনের ডিসপ্লে অন থাকলে চার্জের গতি কমে যায়। তাই চার্জিংয়ের সময় ফোন ব্যবহার না করা উচিত।

৬. চার্জিং পোর্টের সমস্যা
ফোনের চার্জিং পোর্টেও সমস্যা হতে পারে, যেমন পোর্টে ময়লা জমে যাওয়ার কারণে চার্জ সঠিকভাবে নেওয়া যায় না। যদি পোর্টে সমস্যা থাকে, তবে এটি সারানোর জন্য সার্ভিস সেন্টারে যেতে হবে।

এইসব কারণে ফোনে ধীরে চার্জ হওয়ার সমস্যা দেখা দিতে পারে, তবে সঠিকভাবে সমস্যার উৎস খুঁজে বের করে ব্যবস্থা নিলে এটি সমাধান করা সম্ভব।