ফোন হারালেও নিরাপদ থাকবে আপনার ব্যক্তিগত তথ্য: গুগলের নতুন সুবিধা

ফাইল ছবি:

নিজস্ব প্রতিবেদক:

ফোন হারানো এখন আর নতুন কিছু নয়, তবে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে থাকে ফোনে থাকা ব্যক্তিগত ছবি, ভিডিও এবং তথ্য। তবে এখন আর চিন্তা করার দরকার নেই, কারণ গুগল এনেছে একটি নতুন সুবিধা, যা আপনার ফোন হারালেও আপনার ব্যক্তিগত তথ্য ও ছবি নিরাপদ রাখতে সাহায্য করবে।

গুগল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘গুগল ফাইন্ড মাই ডিভাইস’ নামে একটি ফিচার চালু করেছে। যদি আপনি এই সুবিধাটি আগেই সক্রিয় করে রাখেন, তবে ফোন হারালেও আপনার ব্যক্তিগত তথ্য অরক্ষিত থাকবে না। এটি ব্যবহারে আপনার হারানো ফোন খুঁজে বের করা সহজ হবে।

কীভাবে গুগল ফাইন্ড মাই ডিভাইস সেট করবেন:

১. প্রথমে ফোনের সেটিংস খুলুন। ২. এরপর গুগল সিলেক্ট করুন। ৩. সেখানে ‘অল সার্ভিস’-এ ট্যাপ করুন। ৪. এরপর ‘ফাইন্ড মাই ডিভাইস’ সিলেক্ট করুন। ৫. এখন ‘ইউজ ফাইন্ড মাই ডিভাইস’ সুইচ অন করে ফেলুন।

এই সুবিধাটি সক্রিয় থাকলে আপনি যে কোনও ওয়েব ব্রাউজার বা ডিভাইস থেকে আপনার হারানো ফোনের লোকেশন ট্র্যাক করতে পারবেন। যদি ফোন হারিয়ে যায়, তাহলে খুব সহজে আপনার ফোন খুঁজে বের করতে পারবেন।

এছাড়া, গুগল লগইন থাকলে স্মার্টওয়াচ, ইয়ারবাডসহ অন্যান্য ডিভাইসও খুঁজে পাওয়া যাবে। তবে মনে রাখতে হবে, যদি হারানো ফোনে ইন্টারনেট বন্ধ থাকে, তাহলে ফোনের লোকেশন ট্র্যাক করা যাবে না। তবে, ফোন যখনই শেষবার ইন্টারনেট সংযোগ ছিল, তখনকার লোকেশন আপনি দেখতে পারবেন।

ফোন চুরি হলে কী করবেন?

যদি আপনি নিশ্চিত হন যে আপনার ফোনটি চুরি হয়েছে, তবে আপনি ইন্টারনেট অন থাকলে দূর থেকেই ফোনটি নতুন পিন, পাসওয়ার্ড বা প্যাটার্ন দিয়ে লক করতে পারেন। এছাড়া, সব তথ্য মুছে দিতে পারেন। তবে, একবার যদি ফোনের তথ্য মুছে দেন, তবে তা স্থায়ী হবে এবং পরে ফোন খুঁজে পেলেও হারানো ছবি বা ভিডিও উদ্ধার করা সম্ভব হবে না।

আরও কিছু সতর্কতা:

সবসময় ফোনে একটি শক্তিশালী পিন বা পাসওয়ার্ড ব্যবহার করুন, অথবা ফিঙ্গারপ্রিন্ট লক চালু রাখুন, যাতে কেউ সহজেই আপনার ফোনের অ্যাক্সেস পেতে না পারে।
নিয়মিত আপনার ফোনের তথ্যের ব্যাকআপ রাখুন। গুগল ড্রাইভ বা অন্যান্য ক্লাউড স্টোরেজে ছবি, কন্ট্যাক্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করলে আপনি ফোন হারালেও কিছু হারাবেন না।

এভাবে, ফোন হারানোর পরও আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে, এবং আপনি সহজেই এটি পুনরুদ্ধার করতে পারবেন।