অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের পর ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করার পর ফ্রান্স ঘোষণা করেছে, তারা ইউক্রেনের সঙ্গে এই তথ্য ভাগাভাগি অব্যাহত রাখবে। ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বৈঠকের পর ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু এই তথ্য নিশ্চিত করেছেন।
ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপস্থিত ছিলেন। সেখানে ইউক্রেনকে আরও সামরিক সাহায্য ও প্রতিরক্ষা ব্যবস্থার মজবুতকরণের বিষয়েও আলোচনা হয়। ফ্রান্স এই বৈঠকের পর ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগির সিদ্ধান্ত গ্রহণ করে।
এদিকে, রাশিয়া গতকাল শুক্রবার ইউক্রেনের জ্বালানি ও গ্যাস অবকাঠামোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো জানান, রাশিয়া বেসামরিক নাগরিকদের ক্ষতি করার চেষ্টা করছে এবং তারা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে লক্ষ্য করে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। হামলা খারকিভ ও ওডেসা অঞ্চলে চালানো হয়েছে।
খারকিভ শহরের মেয়র ইগর তেরেখভ জানান, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলায় চারজন আহত হয়েছেন। এর মধ্যে এক নারী ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হয়েছেন এবং দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওডেসা অঞ্চলে হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, গত বুধবার যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করার ঘোষণা দেয়, যা ইউক্রেনের রুশ বাহিনীর হামলা প্রতিরোধ এবং আক্রমণের সক্ষমতা দুর্বল করে দেয়।











