ফ্রিজে মাছ ও মাংস কতদিন পর্যন্ত ভালো থাকে?

অনলাইন ডেস্ক:

পরিবারের সুস্বাস্থ্য বজায় রাখতে পুষ্টিকর খাবারের পাশাপাশি প্রয়োজন সঠিক উপায়ে খাদ্য সংরক্ষণ। প্রতি বছর সারা বিশ্বে কোটি কোটি মানুষ কেবল অনিরাপদ খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। অনেক সময় খাবার দেখতে বা গন্ধে ঠিক মনে হলেও এতে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। তাই মাছ, মাংস বা টিনজাত খাবার কতদিন এবং কীভাবে সংরক্ষণ করবেন, তা জানা অত্যন্ত জরুরি।

গরুর মাংস

কাঁচা গরুর মাংস (স্টেক বা রোস্ট) ৪ থেকে ১২ মাস পর্যন্ত ফ্রিজারে রাখা যায়। তবে মাংসের কিমা ৩ থেকে ৪ মাসের বেশি রাখা উচিত নয়। রান্না করা মাংসের ক্ষেত্রে এই সময়সীমা ২-৩ মাস।

মুরগির মাংস

আস্ত মুরগি ১ বছর পর্যন্ত ভালো থাকে। তবে মুরগির বিভিন্ন অংশ (ব্রেস্ট বা থাই) ৯ মাস এবং কিমা বা গিবলেট ৩-৪ মাস পর্যন্ত রাখা নিরাপদ।

সামুদ্রিক মাছ

চর্বিহীন মাছ (যেমন কোরাল বা কড) ৬-৮ মাস রাখা যায়, কিন্তু চর্বিযুক্ত মাছ (যেমন ইলিশ বা স্যামন) মাত্র ২-৩ মাস রাখা ভালো।

টিনজাত বা ক্যান ফুড

তালিকায় সাশ্রয়ী এবং দীর্ঘস্থায়ী অপশন হলো টিনজাত খাবার। সাধারণত এগুলো ২ থেকে ৫ বছর পর্যন্ত ভালো থাকে। তবে ক্যান যদি ফোলা থাকে, মরিচা ধরা বা ছিদ্রযুক্ত হয়, তবে সেই খাবার এড়িয়ে চলাই ভালো। ক্যান খোলার পর অবশিষ্টাংশ দ্রুত অন্য পাত্রে নিয়ে ফ্রিজে তুলে রাখুন।