ফ্লোরিডায় কেয়ার ও মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তকমা

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের বৃহৎ মুসলিম নাগরিক অধিকার ও অ্যাডভোকেসি সংগঠন কেয়ার (Council on American-Islamic Relations)-কে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস। টেক্সাসে গত মাসে একই পদক্ষেপ নেওয়ার পর ফ্লোরিডায়ও এ আদেশ জারি হয়।

স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) এক্স-এ প্রকাশিত এক নির্বাহী আদেশে তিনি কেয়ার এবং মিসরভিত্তিক ‘মুসলিম ব্রাদারহুড’-কে সন্ত্রাসী তকমা দেন। তবে এই পদক্ষেপ একান্তই প্রাদেশিক; যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার এখনো কোনো সংগঠনকেই বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেনি।

গভর্নরের আদেশে ফ্লোরিডার সরকারি সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন এসব সংগঠন বা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের চুক্তি, চাকরি বা আর্থিক লেনদেন না করে।

ঘোষণার পরপরই এক ইমেইল বিবৃতিতে কেয়ারের কেন্দ্রীয় অফিস এবং ফ্লোরিডা শাখা জানায়, ডেস্যান্টিসের এ সিদ্ধান্ত ‘অসাংবিধানিক’ ও ‘মানহানিকর’। তারা জানিয়েছেন, এই আদেশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত কেয়ারের বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে ২৫টি শাখা রয়েছে। টেক্সাসে গভর্নর গ্রেগ অ্যাবট সংগঠনটিকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করলে কেয়ার ইতোমধ্যে সেখানে ফেডারেল আদালতে আবেদন করেছে। তাদের দাবি, এই সিদ্ধান্ত মার্কিন সংবিধানের পরিপন্থী এবং টেক্সাস আইনে এর কোনো ভিত্তি নেই।

অন্যদিকে, প্রায় এক শতাব্দী আগে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড বিশ্বের বহু দেশে সক্রিয়। সংগঠনটির নেতারা দাবি করেন, তারা বহু বছর আগেই সহিংসতা পরিত্যাগ করেছেন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই তাদের লক্ষ্য অর্জনে কাজ করছেন। তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সরকার এই সংগঠনটিকে হুমকি হিসেবে দেখে বলে সমালোচকেরা উল্লেখ করেন।