নিজস্ব প্রতিবেদক:
বারিধারার একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়ের সময় বিদিশা আদালতে উপস্থিত ছিলেন না। পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালে গুলশান থানায় ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার এ মামলা করেন। অভিযোগে বলা হয়, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির কথা বলে বিদিশা সিদ্দিকের সঙ্গে ৮০ লাখ টাকায় চুক্তি হয়।
বাদীর দাবি, ২০০১ সালের ১০ জুলাই বনানীর একটি অফিসে তাকে ডেকে নেওয়া হয় এবং বিদিশার মনোনীত ব্যক্তি আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে অর্ডার দিতে বলা হয়। পরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে সেই টাকা পরিশোধও করা হয়। উভয় পক্ষের মধ্যে বায়নানামাও সম্পন্ন হয়।
চুক্তি অনুযায়ী, রাজউকের অনুমোদন শেষে বাকি টাকা পরিশোধ করে ফ্ল্যাটের রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি ছিল। তবে নির্ধারিত সময় পার হলেও ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি বলে মামলায় অভিযোগ করা হয়।
মামলার বিবরণে আরও বলা হয়, পরে টাকা ফেরতের আশ্বাস দিয়ে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি ৭২ লাখ টাকার একটি চেক দেওয়া হয়। কিন্তু ব্যাংকে জমা দিলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিজঅনার হয়। এরপর টাকা কিংবা ফ্ল্যাট কোনোটিই বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ বাদীর।
রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে বিদিশা সিদ্দিক সাংবাদিকদের বলেন, “এ বিষয়ে আমি অবগত নই।”
উল্লেখ্য, ২০০০ সালে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিদিশা সিদ্দিক। পরে ২০০৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের একমাত্র ছেলে শাহতা জারাব, যিনি এরিক এরশাদ নামেও পরিচিত।











