জেলা প্রতিনিধি :
বগুড়ার শেরপুর উপজেলায় একটি ট্রাকের নিচে চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন। শুক্রবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার শেরপুর-ধুনট সড়কের রনবীরবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের হারুন অর রশিদ (৫২) এবং হোসনাবাদ গ্রামের হানিফ উদ্দিন (৩৫)। নিহতদের মধ্যে হারুন অর রশিদ ভটভটিতে যাত্রী ছিলেন, আর হানিফ রাস্তায় দাঁড়িয়ে ছিলেন।
এ ঘটনায় আহতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— সুন্দরী, বসন্তী, সুর্বতি, চায়না, পবিত্র, স্বরসতি, সাগরিকা, সুনিল, মনন্তর, পয়ত্রি, মো. সাত্তার, বাসরি, বাশরি, ক্ষন্নষশি। এরা সবাই খামারকান্দি ইউনিয়নের ঝাজর এলাকার বাসিন্দা।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, ‘ধুনট থেকে শেরপুর যাওয়ার সময় ট্রাকটি রনবীরবালা বশীর পাগলা মাজারের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা হানিফ নামের একজনকে চাপা দেয়। এরপর ট্রাকটি ২০০ গজ দুরে গিয়ে আরেকটি যাত্রীবাহী ভটভটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাক ও ভটভটি উল্টে যায়। এতে হানিফ ও হারুন অর রশিদ ঘটনাস্থলে নিহত হন।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আরও ২১ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারীর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।’
শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন জানান, ‘আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’











