জেলা প্রতিনিধি :
বগুড়ায় শ্রমিক নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় নওগাঁ থেকে বগুড়া-ঢাকা রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। কোনো পূর্ব ঘোষণা না দিয়ে সকাল থেকেই বাস চলাচল বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
জানা গেছে, মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে বগুড়ার স্টেশন রোডের মিতালী পাম্প এলাকায় নারিকেল ব্যবসায়ীদের সঙ্গে সিএনজি চালকদের বাকবিতণ্ডা হয়। এ সময় বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতা ছুরিকাঘাতে আহত হন। এর প্রতিবাদে নওগাঁ থেকে বগুড়ার ওপর দিয়ে কোনো বাস চলাচল করতে দেওয়া হচ্ছে না।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ শহরের পার-নওগাঁ এলাকায় ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, বগুড়ার ওপর দিয়ে নওগাঁ থেকে ছেড়ে যাওয়া আন্তঃজেলা ও ঢাকাসহ দূরপাল্লার কোনো বাস প্রবেশ করতে পারছে না। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বাস চলাচল বন্ধ থাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের ব্যবহার বেড়ে গেছে, অনেক যাত্রী ইজিবাইকে করে গন্তব্যে যাচ্ছেন। তবে কিছু কিছু বাস বিকল্প পথ হিসেবে বগুড়ার কাহালুর ভিতর দিয়ে চলাচল করছে।
বগুড়াগামী মোসলেম উদ্দিন নামে এক যাত্রী বলেন, ‘জরুরি কাজে বগুড়া যাওয়ার জন্য বাস টার্মিনালে এসে দেখি বাস চলাচল বন্ধ। বাধ্য হয়ে ইজিবাইকে দ্বিগুণ ভাড়ায় বগুড়া যাচ্ছি। এটি সাধারণ মানুষের জন্য অত্যন্ত অসুবিধাজনক।’
নওগাঁ বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘বগুড়ায় শ্রমিক নেতাকে ছুরিকাঘাতের জেরে নওগাঁ থেকে বগুড়া ও ঢাকাগামী সব বাস চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে কিছু বাস বিকল্প পথে কাহালু দিয়ে চলাচল করছে। দুটি জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।’











