বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থিত কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করেছে সরকার। এখন থেকে হাসপাতালটির নতুন নাম হবে ‘কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল’।

 

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে হাসপাতালটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে বলেও উল্লেখ করা হয়।

 

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন নামের মাধ্যমে হাসপাতালটির সেবার পরিধি ও বিশেষায়িত চিকিৎসা কার্যক্রমকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল হিসেবে কুর্মিটোলা হাসপাতাল দীর্ঘদিন ধরেই সাধারণ ও বিশেষায়িত চিকিৎসাসেবা দিয়ে আসছে।

 

প্রজ্ঞাপনের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, হাসপাতাল পরিচালক এবং স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। একইসঙ্গে এটি বাংলাদেশ গেজেটের বিশেষ সংখ্যায় প্রকাশের উদ্যোগও নেওয়া হয়েছে।

 

করোনাভাইরাস মহামারির সময় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র হিসেবে আলোচনায় আসে। পরবর্তীতে হাসপাতালটির অবকাঠামো ও সেবার পরিধি আরও বাড়ানো হয়। নতুন নামকরণের ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রমে বিশেষায়িত চিকিৎসাসেবার পরিচয় আরও জোরালোভাবে উঠে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।