জেলা প্রতিনিধি :
রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান শনিবার জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আজ দুপুরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
গত ২৪ ফেব্রুয়ারি বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে স্বর্ণালঙ্কার লুট করা হয়। বনশ্রী সি ব্লকে ‘অলঙ্কার’ নামে তার একটি গয়নার দোকান রয়েছে। সেদিন রাতে দোকান বন্ধ করে ২০০ তোলা স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে বাসায় ফেরার পথে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে গুলি করে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। হাতে ও পায়ে গুলিবিদ্ধ আনোয়ার হোসেনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।











