বরিশালে শেবাচিম হাসপাতালের বর্হিবিভাগে কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা

জেলা প্রতিনিধি:

পাঁচ দফা দাবি আদায়ে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) চিকিৎসকরা বুধবার (১২ মার্চ) থেকে বর্হিবিভাগে রোগী দেখা বন্ধ রেখেছেন। এর ফলে, চিকিৎসা নিতে আসা শত শত রোগীকে বিফলে ফিরে যেতে হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে এক হাজার ৫০০ থেকে দুই হাজার মানুষ শেবাচিম হাসপাতালে বর্হিবিভাগে চিকিৎসা নিতে আসে। আজ সকালে, সকাল ৮টা থেকে শুরু হয় আউটডোর টিকিট বিতরণ। তবে, দুইশ থেকে তিনশ টিকিট বিতরণের পর কর্মীরা এটি বন্ধ করে দেন। পরবর্তীতে জানা যায় যে, চিকিৎসকরা ধর্মঘটে গেছেন। বেলা ১০টা পর্যন্ত রোগী দেখার পর তারা কাজ বন্ধ করে কক্ষ ত্যাগ করেন, ফলে চিকিৎসা নিতে আসা রোগীরা ব্যাপক দুর্ভোগে পড়েন।

কর্মবিরতিতে অংশ নেওয়া চিকিৎসক মর্তুজা আলম জানান, “কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা দেশব্যাপী এই কর্মসূচি পালন করছি। আমাদের এখানে খবর দেরিতে পৌঁছেছে, তাই সকালে আউটডোরের রোগীদের টিকিট বিতরণ শুরু হয়ে যায়। যতগুলো টিকিট বিতরণ হয়েছে, তাদের চিকিৎসা দেওয়ার পর আমরা কাজ বন্ধ করেছি। কেন্দ্র থেকে আসা সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

চিকিৎসা নিতে আসা আমানতগঞ্জ এলাকার তাসলিমা বেগম বলেন, “তারা ধর্মঘটের কথা আগে জানালে তো পারতেন। হঠাৎ করে কাজ বন্ধ করে দেওয়ায় আমরা বিপদে পড়েছি। সকাল থেকে এসে বসেছিলাম ডাক্তার দেখানোর আশায়, কিন্তু এখন ফিরতে হচ্ছে।”

এছাড়াও, অনেক রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।

হাসপাতালের উপ-পরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন বলেন, “ধর্মঘটরত চিকিৎসকদের সঙ্গে আলোচনা চলছে। আশা করি খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”